
কলকাতা, ১০ জুন (হি. স.) : বেঙ্গল টি - ২০ ক্রিকেট লিগে জিতল মালদা ও মুর্শিদাবাদ। মুখে হাসি ফুটল। বুধবার বেঙ্গল টি - ২০ লিগে জয়ের মুখ দেখল মালদা ও মুর্শিদাবাদের মেয়েদের দল দুটি। সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে দিনের প্রথম ম্যাচে মুর্শিদাবাদ কুইন্স ৬ উইকেটে হারাল সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সকে। এদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে বৃষ্টি বিঘ্নিত পরিবেশেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে ডিএলএস পদ্ধতিতে ১১ রানে জয় পেল সোবিসকো স্ম্যাশার্স মালদহ।
উল্লেখ্য, টস জিতে প্রথমে ব্যাট করে শিলিগুড়ি ৬ উইকেটে ১১৯ রান তোলে। দলের হয়ে সর্বাধিক ২৭ রান করে দ্যূতি পাল। মুর্শিদাবাদের বোলিংয়ে নজর কাড়ে অধিনায়ক তনুশ্রী সরকার। এছাড়াও বল হাতে সুস্মিতা পাল, সানায়া মন্ডল, প্রিয়া পাণ্ডে ও প্রতিভা রাণা। প্রত্যেকেই একটি করে উইকেট নেয়। এর জবাবে তনুশ্রীর দুরন্ত অপরাজিত - ৬১ রানের ইনিংসে ভর করে ১৮.২ ওভারে ৪ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুর্শিদাবাদ। শিলিগুড়ির অনন্যা হালদার দুটি উইকেট পায়।
অন্যদিকে, দ্বিতীয় খেলায় মেদিনীপুর উইজার্ডস প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১০১ রান তোলে। রিয়া গোস্বামী - ৪০ রানে অপরাজিত থাকে। মালদহের অধিনায়ক সাইকা ইশাক তিনটি উইকেট নেয়। পরে রান তাড়া করতে নেমে সাইকার অপরাজিত - ৫১ রানের সুবাদেই ১৫.২ ওভারে ৩ উইকেটে ৮৪ রান তোলে মালদহ। এরপর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে গেলে ডিএলএস পদ্ধতিতে ১১ রানের জয় সুনিশ্চিত হয়েছে তাদের।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত