বেঙ্গল টি-২০ লিগে করণের রেকর্ড শতরান, ইডেনে স্কাউটদের সামনেই আইপিএলের জোরালো দাবি
কলকাতা, ১১ জুন (হি. স.) : ১৪টি ছক্কা সহ ১৪৫ রান—বেঙ্গল টি-২০ লিগে করণ লালের নয়া ইতিহাস রচনা। ইডেন গার্ডেন্সে বৃহস্পতিবার যেন একাই ম্যাচের রং বদলে দিলেন করণ লাল। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে বেঙ্গল টি-২০ লিগে গড়ে উঠল নতুন ইতিহাস। অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্
একনজরে স্কোর


কলকাতা, ১১ জুন (হি. স.) : ১৪টি ছক্কা সহ ১৪৫ রান—বেঙ্গল টি-২০ লিগে করণ লালের নয়া ইতিহাস রচনা। ইডেন গার্ডেন্সে বৃহস্পতিবার যেন একাই ম্যাচের রং বদলে দিলেন করণ লাল। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে বেঙ্গল টি-২০ লিগে গড়ে উঠল নতুন ইতিহাস। অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্সের বিরুদ্ধে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স ২ উইকেটে তুলল ২৩১ রান। সেই ইনিংসের মূল কারিগর করণ, যিনি মাত্র ৬৪ বলে ১৪৫ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের নজির গড়েছেন।

​শতরান ছাড়িয়ে তিনি আরও বড় ইনিংসের দিকে এগিয়েছিলেন। শেষ বলে দেড়শো ছোঁয়ার লক্ষ্যে ছক্কা মারতে গিয়ে কণিষ্ক শেঠের বলে শচীন কুমার যাদবের হাতে ধরা পড়েন। তবে ততক্ষণে তাঁর ব্যাট থেকে বেরিয়ে এসেছে ১৪টি ছক্কা। বেঙ্গল টি-২০ লিগের ইতিহাসে কোনও ব্যাটসম্যানের এক ইনিংসে এত ছক্কা মারার নজির নেই। ফলে এটিও একটি নতুন রেকর্ড।

​করণের আগে এই টুর্নামেন্টে একমাত্র শতরানটি ছিল গৌরব চৌহানের (৫৫ বলে ১০৩ রান)। সেই রেকর্ডও এদিন ম্লান হয়ে গেল। ওপেনিং জুটিতে অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায়ের সঙ্গে ১১৭ রান যোগ করে দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেন করণ।

​এদিকে, ম্যাচের পরে কমলা টুপির (অরেঞ্জ ক্যাপ) দখল নেওয়া করণ জানান, আগের ম্যাচগুলিতে তিনি কিছুটা তাড়াহুড়ো করেছিলেন। এদিন ধৈর্য ধরে শুরু করায় দ্রুত ছন্দ পেয়ে যান। নিয়মিত ছক্কা মারার অনুশীলনের ফল মাঠেই মিলেছে বলে মত তাঁর। উল্লেখযোগ্য বিষয় হলো, এই ইনিংসের সময় গ্যালারিতে উপস্থিত ছিলেন মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের স্কাউটরাও। করণের এই ঝোড়ো ইনিংস দেখার পরে আইপিএলের দরজাতেও তিনি নতুন করে কড়া নাড়তে পারেন বলে অভিমত বিশেষজ্ঞদের।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande