
ঝাড়গ্রাম, ১২ জুন (হি.স.) : প্রাতঃভ্রমণে বেরিয়ে বুনো হাতির হামলায় মৃত্যু হল এক বৃদ্ধার। শুক্রবার ভোরে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের চাঁদাবিলা রেঞ্জের রামচন্দ্রপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতার নাম কালাঙ্গি নায়েক (৭০)। তাঁর বাড়ি ওই গ্রামেই।
বনদফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও সকালে হাঁটতে বেরিয়েছিলেন কালাঙ্গি নায়েক। সেই সময় গ্রাম সংলগ্ন এলাকায় ঢুকে পড়া একটি পূর্ণবয়স্ক হাতির সামনে পড়ে যান তিনি। প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করতে গিয়ে পড়ে গেলে হাতিটি শুঁড়ে তুলে আছাড় মারে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের দাবি, সুবর্ণরেখা নদী পেরিয়ে ভোরের দিকে হাতিটি গ্রাম সংলগ্ন এলাকায় ঢুকে পড়ে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বনদফতর সূত্রে খবর, ওড়িশা সীমান্তবর্তী নয়াগ্রাম, কেশররেখা ও চাঁদাবিলা রেঞ্জ এলাকায় বর্তমানে ১১০ থেকে ১১৫টি হাতি বিভিন্ন দলে বিচরণ করছে। এর মধ্যে কেশররেখা রেঞ্জেই রয়েছে প্রায় ৮০ থেকে ৮৫টি হাতির বড় দল।
উল্লেখ্য, ঝাড়গ্রাম জেলায় হাতি-মানুষ সংঘাতের ঘটনা প্রায় নিত্যদিনের। গত তিন মাসে হাতির হামলায় মৃত্যু হয়েছে ছয় জনের। কালাঙ্গি নায়েকের মৃত্যুর পর চলতি সময়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাতে। আহত হয়েছেন একাধিক মানুষও।
বনদফতরের দাবি, হাতির অবস্থান সম্পর্কে নিয়মিত মাইকিং করে গ্রামবাসীদের সতর্ক করা হচ্ছে। তবু ভোর ও সন্ধ্যার সময় অনেকেই জঙ্গলপথে যাতায়াত করায় এই ধরনের দুর্ঘটনা ঘটছে।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো