উমর-শারজিলের নতুন জামিন আবেদনে দিল্লি পুলিশের কাছে জবাব তলব
নয়াদিল্লি, ১৩ জুন (হি.স.) : ২০২০ সালের দিল্লি দাঙ্গার কথিত বৃহত্তর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত উমর খালিদ ও শারজিল ইমামের নতুন জামিন আবেদনের শুনানিতে দিল্লি পুলিশের কাছে জবাব তলব করল দিল্লির একটি আদালত। শনিবার ডিউটি জজ ডঃ সুমেধ কুমার শেঠি দিল্লি পুল
উমর-শারজিলের নতুন জামিন আবেদনে দিল্লি পুলিশের কাছে জবাব তলব


নয়াদিল্লি, ১৩ জুন (হি.স.) : ২০২০ সালের দিল্লি দাঙ্গার কথিত বৃহত্তর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত উমর খালিদ ও শারজিল ইমামের নতুন জামিন আবেদনের শুনানিতে দিল্লি পুলিশের কাছে জবাব তলব করল দিল্লির একটি আদালত। শনিবার ডিউটি জজ ডঃ সুমেধ কুমার শেঠি দিল্লি পুলিশকে নোটিস জারি করে আগামী ৪ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

জামিন আবেদনে উমর খালিদ ও শারজিল ইমাম দাবি করেছেন, সুপ্রিম কোর্ট তাদের আগের জামিন আবেদন খারিজ করার ছয় মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও মামলার বিচারপ্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। এখনও অভিযোগ গঠনের শুনানি সম্পূর্ণ হয়নি, ফলে বিচার বিলম্বিত হচ্ছে।

চলতি বছরের ৫ জানুয়ারি সুপ্রিম কোর্ট উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবেদন খারিজ করে। তবে একই দিনে এই মামলার আরও পাঁচ অভিযুক্ত— গুলফিশা ফাতিমা, মীরান হায়দার, শিফা-উর-রহমান, শাদাব আহমেদ এবং মহম্মদ সলিম খানকে জামিন দেয় শীর্ষ আদালত।

এরপর ২২ মে অভিযুক্ত খালিদ সইফি ও তসলিম আহমেদকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। এর আগেই সাফুরা জারগার, আসিফ ইকবাল তানহা, দেবাঙ্গনা কলিতা ও নাতাশা নারওয়াল জামিন পেয়েছিলেন।

২০২০ সালের ফেব্রুয়ারিতে দিল্লি দাঙ্গার নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগে দায়ের হওয়া এই মামলার তদন্ত চলছে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ)-এর আওতায়। মামলায় মোট ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে তদন্তকারী সংস্থা।

চার্জশিটে নাম রয়েছে সাফুরা জারগার, তাহির হুসেন, উমর খালিদ, খালিদ সইফি, ইশরাত জাহান, মীরান হায়দার, গুলফিশা ফাতিমা, শিফা-উর-রহমান, আসিফ ইকবাল তানহা, শাদাব আহমেদ, তসলিম আহমেদ, সলিম মালিক, মহম্মদ সলিম খান, আথার খান, শারজিল ইমাম, ফৈজান খান, নাতাশা নারওয়াল এবং দেবাঙ্গনা কলিতার।

এবার দিল্লি পুলিশের জবাব পাওয়ার পর উমর খালিদ ও শারজিল ইমামের নতুন জামিন আবেদন নিয়ে আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande