
গুয়াহাটি, ১৩ জুন (হি.স.) : যোরহাটের ররৈয়ায় ভারতীয় বায়ুসেনা (আইএএফ)-ঘাঁটিতে এএন-৩২ পণ্যবাহী বিমান দুর্ঘটনায় পাঁচ সেনাকৰ্মীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
নিজের অফশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেন, বায়ুসেনা কর্মীদের এই মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। এই কঠিন সময়ে তিনি নিহতদের পরিবারের পাশে রয়েছেন। মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেন, তিনি পাঁচ সাহসী বায়ুযোদ্ধার মৃত্যুতে গভীরভাবে মর্মাহত। নিহতদের মধ্যে ছিলেন স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীরবায়ু খেমারাম কুমাওয়াত এবং অগ্নিবীরবায়ু দানিশ আলম। কর্তব্য পালনের সময় তাঁদের মৃত্যু অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী অসমের জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁদের জন্য প্রার্থনা করেন।
তিনি আরও জানান, অসম সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস