
দুর্গাপুর, ১৩ জুন (হি.স.) : আচমকা ঝড়-বৃষ্টির সঙ্গে প্রবল বজ্রপাত। আর সেই প্রাকৃতিক দুর্যোগই কেড়ে নিল দুই গ্রামবাসীর প্রাণ। শনিবার বিকেলে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের গোপালপুর গ্রামে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে দুই ব্যক্তির। ঘটনাকে ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সৌরভ গায়েন (২৮) ও গোকুল নন্দী (৫৬)। দু’জনেই গোপালপুর গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে আচমকাই কালো মেঘে ঢেকে যায় আকাশ। শুরু হয় ঝোড়ো হাওয়া ও বৃষ্টি। সেই সময় গ্রামের মাঠের ধারে বসে ছিলেন সৌরভ ও গোকুল। হঠাৎ প্রবল বজ্রপাত হলে দু’জনেই তার কবলে পড়ে গুরুতর জখম হন। বজ্রাঘাতের অভিঘাতে তাঁরা ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
ঘটনা দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ হাসপাতালে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এই মর্মান্তিক ঘটনায় গোপালপুর গ্রামে শোকের পরিবেশ তৈরি হয়েছে। পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে উঠেছে গোটা এলাকা। বর্ষার মরসুমে বজ্রপাতের ঝুঁকি এড়াতে আবহাওয়া দফতরের সতর্কতা মেনে চলার আবেদন জানিয়েছেন স্থানীয় প্রশাসনের কর্তারা।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা