
ইটানগর, ১৩ জুন (হি.স.) : অরুণাচল প্রদেশের ইস্ট কামেং জেলায় একটি বাণিজ্যিক গাড়ি পাহাড়ি রাস্তা থেকে গভীর খাদে পড়ে যাওয়ায় পাঁচজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন একজন। নিহতদের অসমের লখিমপুর জেলার উত্তর লখিমপুর থানাধীন ভরুলুয়া গ্রামের বাসিন্দা জনৈক মহম্মদ আবদুল হাইয়ের ছেলে মহম্মদ বুলবুল হুসেন, আবদুল জলিলের ২১ বছরের ছেলে আবদুল হুসেন, রুস্তম আলির বছর ৪০-এর ছেলে নুর হুসেন, আবদুল হাইয়ের ৪১ বছর বয়সি ছেলে আমজাত আলি এবং আকুপ আলির ছেলে সাইদুল আলি।
দুর্ঘটনাটি আজ শনিবার ইস্ট কামেং জেলার অন্তর্গত সেপ্পা সার্কলের অধীন তাতাতারা গ্রামের কাছে ১৩ নম্বর জাতীয় সড়কের পাশে পাগাসো স্ট্রিমের কাছে ঘটেছে। জানা গেছে, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যাওয়ায় দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, পুলিশ কর্মী এবং দমকলের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার ও তালাশি অভিযান অব্যাহত। এদিকে গাড়ির এক আহত যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস