
ঘাটাল, ১৩ জুন (হি. স.):- কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল শহরে রায়তি জমির উপর গড়ে ওঠা একাধিক দোকান, বাজারের অংশ এবং তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস ভেঙে ফেলল প্রশাসন। শনিবার ঘাটালের ১৬ নম্বর ওয়ার্ডের কোন্নগর এলাকায় পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং প্রশাসনের উপস্থিতিতে বুলডোজার চালিয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়।জানা গিয়েছে, কোন্নগর এলাকার প্রগতি সবজি, মাছ ও মাংস বাজারের একাংশ এবং ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসটি রায়তি জমির উপর নির্মিত হয়েছিল বলে অভিযোগ। জমির মালিক ভূপেন দত্ত এবং তাঁর ছেলে অমিতাভ দত্ত বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। দীর্ঘ কয়েক বছর ধরে মামলা চলার পর আদালত বেআইনি দখল উচ্ছেদের নির্দেশ দেয়।শনিবার সেই নির্দেশ কার্যকর করতে ঘাটাল ব্লকের বিডিও অভিক বিশ্বাসের নেতৃত্বে প্রশাসন উচ্ছেদ অভিযান চালায়। ঘটনাস্থলে উপস্থিত ছিল বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বুলডোজার দিয়ে একাধিক দোকানঘর ও পার্টি অফিস গুঁড়িয়ে দেওয়া হয়।উচ্ছেদ অভিযানের জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ালেও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বিকল্প ব্যবস্থার দাবি জানিয়েছেন। অন্যদিকে, প্রশাসনের দাবি, আদালতের নির্দেশ মেনেই এই পদক্ষেপ করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়