
হুগলি , ১৩ জুন (হি.স.): ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ভোট-পরবর্তী হিংসা, এলাকায় সন্ত্রাস সৃষ্টি এবং আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন গোঘাটের মান্দারণ গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধানের স্বামী লালন আলি। শুক্রবার গভীর রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
শনিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে চলা একাধিক অভিযোগ ও মামলার ভিত্তিতে লালন আলির বিরুদ্ধে তদন্ত চলছিল। তদন্তের সূত্র ধরেই শুক্রবার রাতে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
অভিযোগ রয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর এলাকায় রাজনৈতিক সন্ত্রাস, বিরোধী সমর্থকদের উপর হামলা এবং আর্থিক প্রতারণার বিভিন্ন ঘটনায় তার নাম উঠে আসে। এই অভিযোগগুলির ভিত্তিতেই পুলিশি তদন্ত শুরু হয়েছিল।
গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে মান্দারণ ও সংলগ্ন এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলির দাবি, ভোট-পরবর্তী হিংসা ও দুর্নীতির সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে কঠোর ব্যবস্থা নিতে হবে।
যদিও অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA