
মুম্বই, ১৩ জুন (হি.স.) : মহারাষ্ট্রের রায়গড় জেলার মানগাঁও তহসিলের খারভলি গ্রামে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী রইল গোটা এলাকা। চার সন্তানকে বিষ মিশিয়ে কোল্ড ড্রিঙ্কে খাওয়ানোর পর নিজেও বিষপান করে আত্মঘাতী হলেন এক মা। ঘটনায় ওই মহিলা ও তাঁর দুই কন্যাসন্তানের মৃত্যু হয়েছে। বাকি দুই সন্তানের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, খারভলি আদিবাসী গ্রামের বাসিন্দা আশা জাধব (২৯) তাঁর চার সন্তানকে নিয়ে বসবাস করতেন। শুক্রবার গভীর রাতে তিনি কোল্ড ড্রিঙ্কের সঙ্গে বিষ মিশিয়ে চার সন্তানকে খাইয়ে দেন। এরপর নিজেও বিষপান করেন।
ঘটনার খবর পেয়ে প্রতিবেশীরা দ্রুত তাঁদের মানগাঁও সরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা আশা জাধব এবং তাঁর দুই মেয়ে—নন্দিনী জাধব (৭) ও দুর্বা জাধব (৬)-কে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে, পরিবারের আরও দুই শিশুসন্তান জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছে। তাদের মানগাঁও সরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা চলছে।
কী কারণে এমন চরম সিদ্ধান্ত নিলেন আশা জাধব, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার নেপথ্যে পারিবারিক, আর্থিক বা অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে মানগাঁও থানার পুলিশ। ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। গ্রামের শান্ত পরিবেশে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য