
শিলিগুড়ি, ১৩ জুন (হি. স.):-শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটের পরিকাঠামো ও পরিষেবা ব্যবস্থা খতিয়ে দেখতে শনিবার সকালে বাজার পরিদর্শনে যান শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট দফতরের একাধিক আধিকারিক।বাজারের বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি কথা বলেন মন্ত্রী। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে তাঁরা কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, তা জানতে চান তিনি। ব্যবসায়ীরাও বাজারের নিকাশি ব্যবস্থা, পরিকাঠামোর উন্নয়ন, পরিষেবা সংক্রান্ত নানা অসুবিধার কথা মন্ত্রীর সামনে তুলে ধরেন।ব্যবসায়ীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর শঙ্কর ঘোষ তাঁদের সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি জানান, রেগুলেটেড মার্কেটের সার্বিক উন্নয়ন এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। বাজারের পরিকাঠামো আরও উন্নত করতে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।মন্ত্রী বলেন, ব্যবসায়ীদের সুবিধা নিশ্চিত করা এবং বাজারের পরিবেশ আরও উন্নত করাই প্রশাসনের মূল লক্ষ্য। এদিনের পরিদর্শনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। তাঁরা আশা প্রকাশ করেন, মন্ত্রীর হস্তক্ষেপে দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান হবে এবং বাজারের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়