
কাঠুয়া, ১৩ জুন (হি.স.) : কয়েক দিনের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে নিট-২০২৬-এর পুনঃপরীক্ষা। সেই পরীক্ষাকে ঘিরে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলা প্রশাসন। শনিবার উপায়ুক্ত রাজেশ শর্মার নেতৃত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে পরীক্ষা পরিচালনার খুঁটিনাটি বিষয় পর্যালোচনা করা হয়। প্রশাসনের বার্তা স্পষ্ট, পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তার সঙ্গে কোনও আপোস করা হবে না।
ডেপুটি কমিশনারের কার্যালয়ে আয়োজিত বৈঠকে পরীক্ষাকেন্দ্রের পরিকাঠামো থেকে শুরু করে নিরাপত্তা, কর্মী মোতায়েন, বিদ্যুৎ ও স্বাস্থ্য পরিষেবা সব বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা হয়। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারেন, সেই লক্ষ্যে সংশ্লিষ্ট সব দফতরকে আগাম প্রস্তুতি সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজেশ শর্মা বিশেষভাবে সিসি ক্যামেরার নজরদারি জোরদার করা, নির্ধারিত নিয়ম মেনে জ্যামার বসানো এবং প্রশ্নপত্র-সহ পরীক্ষাসামগ্রীর নিরাপদ পরিবহণ ও সংরক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, পরীক্ষার দিন কোনও ধরনের বিভ্রান্তি বা অনিয়মের সুযোগ রাখা যাবে না।
স্বাস্থ্য, পুলিশ, ট্র্যাফিক, বিদ্যুৎ এবং দমকল বিভাগের আধিকারিকদেরও প্রয়োজনীয় জনবল ও সমন্বয় নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের মতে, সফল পরীক্ষা আয়োজনের জন্য সব দফতরের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জেলায় নিট-২০২৬ পুনঃপরীক্ষার জন্য দুটি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে— গভর্নমেন্ট ডিগ্রি কলেজ (বয়েজ), কাঠুয়া এবং আর্মি পাবলিক স্কুল, জঙ্গলোট। বৈঠকে অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার মহিমা মাদান, অতিরিক্ত পুলিশ সুপার সুনীল কেসর, কেন্দ্রীয় বিদ্যালয় জঙ্গলোটের অধ্যক্ষ-সহ সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য