
কলকাতা ও বালুরঘাট, ১৩ জুন (হি.স.): তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে তল্লাশি ঘিরে কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ। সমাজ মাধ্যমে তিনি দাবি করেছেন, শনিবার ভোর ৩টে নাগাদ পুলিশ সেখানে পৌঁছয়। ভোর ৫টা নাগাদ দুর্যোগ মোকাবিলা দলের সাহায্যে তালা ভেঙে তল্লাশি চালানো হয়। প্রায় দেড় ঘণ্টার অভিযানের পরে বাজেয়াপ্তির রিপোর্টে ‘কিছুই মেলেনি’ বলে উল্লেখ রয়েছে বলেও দাবি তাঁর। সাগরিকার অভিযোগ, বিরোধী নেতাদের ভয় দেখানো ও রাজনৈতিক প্রতিহিংসার উদ্দেশ্যেই এই পদক্ষেপ। তবে এ বিষয়ে কেন্দ্রীয় সংস্থার কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।
প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা ডঃ সুকান্ত মজুমদার বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিতের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। কোন পুলিশ অফিসারকে কোথায় বদলি করা হবে কিংবা কে কোন চাকরি পাবেন—এই সব কারচুপি সুমিতই করতেন। নিশ্চয়ই কেউ এ বিষয়ে এফআইআর দায়ের করেছেন এবং পুলিশ তা তদন্তের কাজ করছে। তৃণমূল নেতা মদন মিত্রের ঠিকানায় ইডি-র তল্লাশি প্রসঙ্গে তিনি বলেন, ইডি ইতিমধ্যেই পুরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতির তদন্ত করছে। এতে তৃণমূলের লোকজন জড়িত রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ