
কলকাতা, ১৩ জুন (হি.স.): রাজ্যের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে উন্নয়নের একাধিক সুযোগকে হেলায় হারানোর অভিযোগ তুললেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ একটি পোস্ট করে তিনি লেখেন, রাজ্য সরকারের চরম উদাসীনতার কারণেই পশ্চিমবঙ্গ এখন বড়সড় উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে।
শমীক ভট্টাচার্য দাবি করেন, ২০১৬ সালে কেন্দ্রীয় সরকার রাজ্যের ৭৮০টি সেন্সাস টাউন বা ‘জনগণনা নগর’-কে নগর প্রশাসনের আওতায় নিয়ে এসে পরিকল্পিতভাবে উন্নয়ন করার একটি সুযোগ দিতে উদ্যোগী হয়েছিল। তাঁর মতে, এই উদ্যোগের মাধ্যমে কেন্দ্রের আর্থিক সহায়তায় রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা, পানীয় জল সরবরাহ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং স্ট্রিট লাইটের মতো বুনিয়াদি পরিকাঠামোকে আরও মজবুত করা যেত। তাঁর অভিযোগ, রাজ্য সরকার এই পরিকল্পনা কার্যকর করেনি। যার ফলে দ্রুত বৃদ্ধি পাওয়া বহু এলাকা আজও অপরিকল্পিত নগরায়ণের সমস্যায় ভুগছে এবং সাধারণ মানুষ উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন।
বিজেপির রাজ্য সভাপতি তাঁর পোস্টে স্পষ্ট জানান, পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি নয়, বরং প্রকৃত উন্নয়ন চান। তিনি দাবি করেন, একটি ডাবল ইঞ্জিন সরকার কেন্দ্রের অর্থনৈতিক সাহায্য, বিভিন্ন যোজনা এবং প্রযুক্তিগত সম্পদের সঠিক ব্যবহার করে রাজ্যকে একটি আধুনিক ও বাসযোগ্য নগর ব্যবস্থার দিকে এগিয়ে নিয়ে যেতে পারত। শমীক ভট্টাচার্য আরও বলেন, উন্নয়নের সুযোগ আর নষ্ট হতে দেওয়া যাবে না এবং ভবিষ্যতে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে একটি বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলা হবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি