
হরিশ্চন্দ্রপুর, ১৩ জুন (হি. স.) : দীর্ঘ চার বছর ধরে পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের সালালপুর গ্রামের বাসিন্দারা। পিএইচই-র নতুন পাইপলাইন বসানোর কাজ সম্পন্ন হলেও এখনও জল সরবরাহ শুরু না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন গ্রামবাসীরা। শনিবার হাতে বালতি ও কলসি নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা।বিক্ষোভকারীদের অভিযোগ, আগে তুলসীহাটা পিএইচই প্রকল্পের মাধ্যমে নিয়মিত পানীয় জল সরবরাহ করা হলেও গত চার বছর ধরে সেই পরিষেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে। নতুন পাইপলাইন বসানোর কাজ শেষ হলেও এখনও জল সরবরাহ চালু হয়নি। গ্রামবাসীদের দাবি, পিএইচই দপ্তরের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আধার কার্ডের প্রতিলিপি সংগ্রহ করেছিলেন এবং প্রতিটি বাড়িতে ট্যাপকল বসানোর আশ্বাস দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়নি।ফলে বহু পরিবারকে দূর-দূরান্ত থেকে জল সংগ্রহ করতে হচ্ছে। অধিকাংশ বাসিন্দাই বাধ্য হয়ে অগভীর নলকূপের আয়রনযুক্ত জল পান করছেন। তাঁদের অভিযোগ, এই জল পান করে অনেকেই পেটের নানা সমস্যা-সহ বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছেন। গ্রামবাসীরা অবিলম্বে পানীয় জলের সরবরাহ চালু করার দাবি জানিয়েছেন। পাশাপাশি দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়