নাগরাকাটায় তৃণমূলে বড় ধাক্কা, দল ছাড়লেন অঞ্চল সভাপতি রাজেন ফুয়েল
জলপাইগুড়ি, ১৩ জুন (হি.স.): তৃণমূল কংগ্রেসের অন্দরে নিচু স্তরে ভাঙন অব্যাহত। এই ধারায় শনিবার নাগরাকাটার আংরাভাষা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল কমিটির সভাপতি রাজেন ফুয়েল দল ছাড়ার ঘোষণা করলেন। রাজেন ফুয়েল এলাকার অত্যন্ত প্রভাবশালী নেতা হিসেবে পরি
নাগরাকাটায় তৃণমূলে বড় ধাক্কা, দল ছাড়লেন অঞ্চল সভাপতি রাজেন ফুয়েল


জলপাইগুড়ি, ১৩ জুন (হি.স.): তৃণমূল কংগ্রেসের অন্দরে নিচু স্তরে ভাঙন অব্যাহত। এই ধারায় শনিবার নাগরাকাটার আংরাভাষা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল কমিটির সভাপতি রাজেন ফুয়েল দল ছাড়ার ঘোষণা করলেন। রাজেন ফুয়েল এলাকার অত্যন্ত প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। তিনি ২০১৭ থেকে ২০১৯ সাল এবং পরবর্তীতে ২০২৫ সালের আগস্ট থেকে সাম্প্রতিক বিধানসভা নির্বাচন পর্যন্ত দুই দফায় অঞ্চল কমিটির সভাপতি পদের দায়িত্ব সামলেছেন। শনিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি দলীয় নেতৃত্বের বিরুদ্ধে খোলামেলা ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, নির্বাচনে পরাজয়ের পরও আমরা অপেক্ষা করছিলাম, কিন্তু উচ্চস্তরের নেতাদের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি। মানুষ বিজেপিকে জিতিয়েছে, এতে কোনও সন্দেহ নেই। কিন্তু তার মানে এই নয় যে গোটা দলটাই হাওয়া হয়ে যাবে।

তিনি আরও যোগ করেন, এখন বোঝা মুশকিল হয়ে দাঁড়িয়েছে যে তৃণমূল দলটা আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। এমনটাও শোনা যাচ্ছে যে দল নাকি কংগ্রেসের সঙ্গে মিশে যেতে পারে। এইরকম একটা অনিশ্চিত পরিবেশের মধ্যে দলে টিকে থাকার কোনো মানে হয় না। তবে রাজেন ফুয়েল স্পষ্ট করে দিয়েছেন যে, এই মুহূর্তে তিনি অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না এবং আগের মতোই ব্যক্তিগত উদ্যোগে সমাজসেবামূলক কাজ চালিয়ে যাবেন। তাঁর কথায়, মানুষের সেবা করার জন্য কোনো দল বা পতাকার প্রয়োজন হয় না।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande