
আগ্রা, ১৪ জুন (হি.স.) : আসন্ন উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের আগে সংগঠনের ভিত্তি আরও মজবুত করতে ‘ভিশন ইন্ডিয়া’ কর্মসূচিকে সামনে রেখে আগ্রায় পৌঁছেছেন সমাজবাদী পার্টির সভাপতি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। রবিবার আগ্রার হোটেল মুঘল শেরাটনে তরুণ উদ্যোক্তা, ব্যবসায়ী এবং বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
গত বছর বেঙ্গালুরু থেকে শুরু হওয়া ‘ভিশন ইন্ডিয়া’ কর্মসূচির মাধ্যমে ইতিমধ্যেই হায়দরাবাদ, ভুবনেশ্বর, মুম্বই, জয়পুর ও গাজিয়াবাদে সভা করেছে সমাজবাদী পার্টি। দলীয় সূত্রের দাবি, উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের আগে কানপুর, প্রয়াগরাজ, বারাণসী, নয়ডা এবং ঝাঁসিতেও একই ধরনের কর্মসূচির আয়োজন করা হবে।
আগ্রায় অখিলেশ যাদব পর্যটন, হোটেল ও হস্তশিল্প শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প, বেসরকারি হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন। কৃষক নেতাদের সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে।
সমাজবাদী পার্টির দাবি, ‘ভিশন ইন্ডিয়া’ কর্মসূচির মাধ্যমে উদ্ভাবন, সহযোগিতা ও উন্নয়নের একটি বিকল্প রূপরেখা তুলে ধরতে চাইছে দল। রাজনৈতিক মহলের মতে, পিডিএ (অনগ্রসর, দলিত ও সংখ্যালঘু) সমীকরণের পাশাপাশি এবার উদ্যোক্তা, ব্যবসায়ী ও যুব সমাজের কাছেও পৌঁছানোর চেষ্টা করছেন অখিলেশ যাদব।
উল্লেখযোগ্যভাবে, আগ্রায় রবিবার থেকেই শুরু হচ্ছে তিন দিনের ‘ইউপি ফুড এক্সপো অ্যান্ড কনক্লেভ ২০২৬’। প্রায় ১২ হাজার মানুষের অংশগ্রহণের সম্ভাবনা থাকায়, এই সময়ে ‘ভিশন ইন্ডিয়া’ কর্মসূচির প্রচার ও প্রসার আরও বেশি হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য