
নয়াদিল্লি, ১৫ জুন (হি.স.) : পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলায় কেরলমের এক বাসিন্দাকে গণপিটুনিতে খুন করার ঘটনাকে দুঃখজনক এবং উদ্বেগজনক বলে আখ্যা দিল কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক (সংগঠন) তথা লোকসভা পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান কে. সি. বেনুগোপাল এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অবিলম্বে হস্তক্ষেপ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বেনুগোপাল সোমবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ লিখেছেন, কোনো অবস্থাতেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি এতটা ভেঙে পড়া উচিত নয় যেখানে উন্মত্ত জনতা আইন নিজের হাতে তুলে নেয়। এই সংবেদনশীল মামলায় একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, আক্রান্তের যেন দ্রুত ন্যায়বিচার মেলে।
তিনি আরও বলেন, সরকারের নিশ্চিত করা উচিত যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর প্রশ্রয় না পায়। কংগ্রেস এই ঘটনাকে গণতান্ত্রিক মূল্যবোধ এবং নাগরিক সুরক্ষার ক্ষেত্রে এক গুরুতর হুমকি হিসেবে বর্ণনা করেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি