
দুর্গাপুর, ১৬ জুন (হি. স.) : বর্ষা শুরু হতেই জল জমা, ডেঙ্গির প্রকোপ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কিংবা সরকারি জমি দখলের মতো ঘটনায় কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলে প্রশাসনকে কড়া বার্তা দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে পাঁচ জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে তিনি একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেন।মন্ত্রী জানান, বর্ষার মরশুমে কোথাও যাতে জল না জমে, তার জন্য এলাকাভিত্তিক দায়িত্ব বণ্টন করা হবে এবং সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়মিত নজরদারিতে রাখা হবে। জল নিকাশি ব্যবস্থাকে আরও সক্রিয় ও কার্যকর করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।পাশাপাশি ল্যাম্পপোস্ট বা বিদ্যুৎ সংক্রান্ত ত্রুটির কারণে শর্ট সার্কিট ও দুর্ঘটনা রুখতেও বিশেষ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কোনও প্রাণহানি যাতে না ঘটে, সেজন্য নির্দিষ্ট আধিকারিকদের দায়িত্ব দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। ডেঙ্গি মোকাবিলায়ও কড়া অবস্থান নিয়েছে রাজ্য সরকার। অগ্নিমিত্রা পাল বলেন, ডেঙ্গির কারণে যাতে একজন মানুষেরও মৃত্যু না হয়, সেই লক্ষ্য নিয়েই বাড়তি নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়