
ইমফল, ১৭ জুন (হি.স.) : মণিপুরে ব্যাপক তালাশি-অভিযান চালিয়ে যৌথবাহিনী উদ্ধার করেছে বিপুল পরিমাণের আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং ও সুরক্ষা সরঞ্জাম। পাশাপাশি কাংপোকপি ও চূড়াচাঁদপুর জেলায় ধ্বংস করা হয়েছে একাধিক বাংকার। এছাড়া আটক করা হয়েছে চারজনকে, তাদের জিজ্ঞাসাবাদ করছে যৌথবাহিনী।
বুধবার রাজ্য পুলিশের সদর দফতর সূত্রে জানানো হয়েছে, কাংপোকপি জেলার লেইমাখং থানার অধীন লেইলন ভাইফেই, লেইলন খুনৌ, এল মুনলুই এবং কনসাখুল গ্রামে ব্যাপক তালাশি অভিযান চালিয়ে এই সাফল্য লাভ করেছে যৌথবাহিনী। অভিযান চালিয়ে ১১টি সিঙ্গেল ব্যারেল ব্রিচ লোডিং ১২-বোরের বন্দুক, ১২-বোরের ২৯৪টি সক্রিয় কার্তুজ, গানপাউডারের দুটি প্যাকেট, ১২-বোরের ৩৪টি খালি কার্তুজের খোল এবং ছয়টি বুলেটপ্রুফ জ্যাকেট।
পুলিশ জানিয়েছে, ওই গ্রামগুলির আশপাশে ৩০টি বাংকার, নিরাপত্তা চৌকি ও কৌশলগত ক্যাম্প ধ্বংস করা হয়েছে। পাশাপাশি চারজনকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অন্যদিকে, কাংপোকপি জেলার সাইকুল থানার অধীন পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী থিংফাই গ্রাম এবং সি খোলেন গ্রামে দুটি করে মোট চারটি বাংকার ধ্বংস করা হয়েছে।
এছাড়া চূড়াচাঁদপুর জেলার চূড়াচাঁদপুর থানার অধীন এস নাবিল গ্রাম ও লইলামকই এলাকায় একটি অবৈধ চেকপোস্ট ভেঙে একটি বাংকার ধ্বংস করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কঠোর নিরাপত্তার মধ্যে প্রয়োজনীয় পণ্য পরিবহণ অব্যাহত রয়েছে। ৩৭ নম্বর জাতীয় সড়কে ৩০০টি পণ্যবাহী গাড়িকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, যাতে সংবেদনশীল এলাকাগুলির মধ্য দিয়ে সরবরাহ ব্যবস্থা নির্বিঘ্ন থাকে।
পুলিশ আরও জানিয়েছে, রাজ্যজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বহাল রয়েছে। পাহাড়ি ও উপত্যকা, দুই এলাকায় মোট ১১৬টি নাকা ও চেকপোস্ট স্থাপন করে যান চলাচল নজরদারি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস