
পুনে, কলকাতা, ১৬ জুন (হি. স.) : সাধারণ যাত্রীদের জন্য আরও একটি সাশ্রয়ী দূরপাল্লার ট্রেন চালু করতে চলেছে ভারতীয় রেল। আগামী ১৭ জুন হাডাপসার রেলস্টেশন থেকে পুনে-দানাপুর অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে এই ট্রেনের আনুষ্ঠানিক সূচনা হবে।এটি মহারাষ্ট্রের অষ্টম এবং পুনে ডিভিশনের দ্বিতীয় অমৃত ভারত ট্রেন। এই ট্রেন চালু হলে মহারাষ্ট্রের সঙ্গে ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ এবং বিহারের সরাসরি ও সাশ্রয়ী রেল যোগাযোগ আরও শক্তিশালী হবে। বিশেষভাবে উপকৃত হবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার পরীক্ষার্থী, চাকরিপ্রার্থী, পরিযায়ী শ্রমিক এবং ব্যবসায়ীরা।১১৪৩১ নম্বর পুনে-দানাপুর অমৃত ভারত এক্সপ্রেস প্রতি শনিবার বিকেল ৩টা ৩০ মিনিটে পুনে থেকে ছাড়বে এবং সোমবার রাত ১টা ৩০ মিনিটে দানাপুর পৌঁছবে। বিপরীত দিকে ১১৪৩২ নম্বর ট্রেনটি প্রতি সোমবার ভোর ৩টা ৩০ মিনিটে দানাপুর থেকে ছেড়ে মঙ্গলবার সকাল ১১টা ৫ মিনিটে পুনে পৌঁছবে।১৮টি এলএইচবি কোচবিশিষ্ট এই ট্রেনে কবচ নিরাপত্তা ব্যবস্থা, এলইডি আলো, মোবাইল চার্জিং পয়েন্ট, সিসিটিভি নজরদারি, প্রতিবন্ধীবান্ধব শৌচাগার এবং আধুনিক যাত্রী তথ্য ব্যবস্থা থাকবে। রেল কর্তৃপক্ষের আশা, এই ট্রেন চালু হলে পর্যটন, বাণিজ্য এবং যাত্রী পরিষেবার আরও উন্নতি হবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়