ডিজে’ মন্তব্য মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, চার দিনে ৩২ ঘণ্টা জেরার মুখে তৃণমূল সাংসদ
কলকাতা, ১৬ জুন (হি. স.): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মঙ্গলবার তাঁর কথিত ‘ডিজে’ মন্তব্য মামলায় প্রায় সাড়ে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল রাজ্য অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। জিজ্ঞাসাবাদ শেষে সন
অভিষেক বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ১৬ জুন (হি. স.): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মঙ্গলবার তাঁর কথিত ‘ডিজে’ মন্তব্য মামলায় প্রায় সাড়ে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল রাজ্য অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যা আনুমানিক ৬টা ২৫ মিনিট নাগাদ তিনি ভবানী ভবন থেকে বের হন এবং সরাসরি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের উদ্দেশ্যে রওনা দেন।

সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় এক জনসভায় নির্বাচনী ফলাফল-পরবর্তী পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেছিলেন, “ডিজে তো বাজবেই, এত জোরে বাজবে যে কান ফেটে যাবে।” এই বক্তব্যের প্রেক্ষিতে পরবর্তীতে তাঁর বিরুদ্ধে সল্টলেকের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়।

এই মামলাতেই রাজ্য পুলিশের সিআইডি গত শুক্রবার কালীঘাটে অভিষেকের বাসভবনে নোটিশ পাঠিয়েছিল এবং মঙ্গলবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। নির্ধারিত সময় দুপুর ১২টার কয়েক মিনিট আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে পৌঁছে যান।

গত ছয় দিনে এই নিয়ে তৃতীয়বার কোনও তদন্তকারী সংস্থার মুখোমুখি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে গত ১১ জুন বিধানসভায় কথিত স্বাক্ষর জালিয়াতি মামলায় তাঁকে প্রায় সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। একই মামলায় গত ১৪ জুন তাঁকে পুনরায় তলব করা হলে সেখানে প্রায় সাড়ে ৮ ঘণ্টা জেরা চলে।

এরই মধ্যে, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-ও তাঁকে তলব করে। সোমবার তিনি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি-র আধিকারিকদের মুখোমুখি হন, যেখানে তাঁকে প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

মঙ্গলবারের জিজ্ঞাসাবাদ মিলিয়ে গত চার দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন মামলায় কেন্দ্রীয় ও রাজ্য তদন্তকারী সংস্থাগুলির প্রায় ৩১.৫ ঘণ্টারও বেশি সময় ধরে চলা প্রশ্নের মুখোমুখি হলেন।

এদিন জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় একাই ভবানী ভবনে এসেছিলেন। ভবনে প্রবেশের পর তিনি ভিজিটর রেজিস্টারে স্বাক্ষর করে তদন্তকারী আধিকারিকদের ঘরে যান। জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর সন্ধ্যায় সেখান থেকে বেরিয়ে তিনি কালীঘাটে পৌঁছান।

‘ডিজে’ মন্তব্য মামলায় তাঁকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে তদন্তকারী সংস্থা এই মামলার পরবর্তী তদন্ত প্রক্রিয়া জারি রেখেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande