
কলকাতা, ১৬ জুন (হি. স.): আগামী ১৮ জুন থেকে ২৫ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার অষ্টাদশ বাজেট অধিবেশনের সূচি ঘোষণা করা হল। মঙ্গলবার বিধানসভার প্রেস রুমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।
অধ্যক্ষ রথীন্দ্র বোস জানিয়েছেন, প্রথা মেনে রাজ্যপালের ভাষণের মাধ্যমেই এই অধিবেশনের সূচনা হবে। আগামী বৃহস্পতিবার, অর্থাৎ ১৮ জুন সকাল ১১টায় রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির বাজেট অভিভাষণের মধ্য দিয়ে সরকারিভাবে উদ্বোধনী পর্ব শুরু হবে। তার আগে প্রথাগতভাবে তাঁকে সম্ভাষণ জানানো হবে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁকে স্বাগত জানাবেন। প্রথম দফায় রাজ্যপালের বাজেট ভাষণ পাঠের পর, দুপুর সাড়ে ১২টা নাগাদ দ্বিতীয় দফায় অধিবেশনের পরবর্তী কার্যসূচি শুরু হবে। এর পরের দিন, অর্থাৎ ১৯ জুন বিধানসভায় শোক প্রস্তাব পাঠ করা হবে।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার শতবার্ষিকী ভবনে এদিনের সর্বদল বৈঠক সম্পন্ন হয়। এরপর অধ্যক্ষ রথীন্দ্র বোস এবং পরিষদীয় মন্ত্রী ড. শঙ্কর ঘোষ যৌথভাবে জানান যে, আগামী ২২ জুন অর্থমন্ত্রী বাজেট বরাদ্দ-সহ সরকারের বিবৃতি (পূর্ণাঙ্গ বাজেট) পাঠ করবেন। এরপর ২৩ থেকে ২৫ জুন পর্যন্ত তিন দিন ধরে মোট ১৬ ঘণ্টা সময় বাজেট সংক্রান্ত আলোচনার জন্য ধার্য করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত