
মালদা, ১৬ জুন (হি. স.):-ফের রক্তাক্ত হল শৈশব। আম কুড়াতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত হল তিন শিশু। তাদের মধ্যে সপ্তম শ্রেণির এক পড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে মালদার ইংলিশ বাজার থানার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাহান্ন বিঘা এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রাম থেকে প্রায় ১০০ মিটার দূরে একটি আমবাগানে তিন শিশু আম কুড়াতে যায়। অভিযোগ, আম ভেবে একটি বস্তু ব্যাগে ভরতে গিয়েই আচমকা বিস্ফোরণ ঘটে। ঘটনায় তিনজনই আহত হয়। গুরুতর জখম ওই পড়ুয়ার বাবা মঙ্গল রায় পেশায় টোটোচালক।এলাকাবাসীর অভিযোগ, ওই আমবাগানে নিয়মিত জুয়া-সহ নানা বেআইনি কার্যকলাপ চলে। তাঁদের দাবি, কে বা কারা সেখানে বোমা মজুত করে রেখেছিল, তার পূর্ণাঙ্গ তদন্ত করা হোক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংলিশ বাজার থানার পুলিশ। এলাকা ঘিরে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে একটি তাসের প্যাকেট এবং একটি দেশলাই উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়