
পালি, ১৬ জুন (হি.স.) : রাজস্থানের পালি-যোধপুর জাতীয় সড়কে ভয়াবহ পথদুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক মহিলা। মঙ্গলবার সকালে মান্ডিয়া বাইপাসের কাছে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যোধপুর থেকে পালির দিকে আসার সময় একটি গাড়ি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ধাক্কার জেরে গাড়িটি ডিভাইডার টপকে বিপরীত লেনে চলে যায় এবং রাস্তার ধারের খাদে পড়ে উল্টে যায়।
দুর্ঘটনায় যোধপুর জেলার পানওয়াড় এলাকার বাসিন্দা কোশা (৫০), পবন কুমারের স্ত্রী এবং আনন্দ কুমার (৫৫)-এর ঘটনাস্থলেই মৃত্যু হয়। তাঁদের দেহ উদ্ধার করে বাঙ্গার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, আনন্দ কুমারের স্ত্রী আশা (৫০) গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে বাঙ্গার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কোশা, আনন্দ কুমার ও আশা যোধপুর থেকে সিরোহির উদ্দেশে রওনা হয়েছিলেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। গাড়ির সামনে হঠাৎ কোনও গবাদি পশু চলে এসেছিল কি না, অথবা অন্য কোনও কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।
দুর্ঘটনার খবর পেয়ে পালির এসডিএম বিমলেন্দ্র সিং রানাওয়াত হাসপাতালে পৌঁছে পরিস্থিতির খোঁজ নেন। পাশাপাশি, পুলিশ নিহতদের পরিবারের সদস্যদের ঘটনাটি সম্পর্কে জানিয়েছে। ঘটনার তদন্ত চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস