
হুগলি, ১৬ জুন (হি. স.) : তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর সহযোগী সুমিত রায় এবং বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল সহ মোট ২৩ জনের বিরুদ্ধে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির অভিযোগে এফআইআর দায়ের করেছেন ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ বিশ্বাস ওরফে ববি ।
অভিজিৎ বিশ্বাসের অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তিরা বেআইনিভাবে মাটি কেটে তা বিক্রি করেছেন, যার ফলে প্রায় ৩০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এই মর্মে সোমবার রাতে কালীতলা-আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বিজেপি নেতার দাবি, অভিযোগের সপক্ষে তিনি ওই এলাকার বেশ কিছু স্যাটেলাইট চিত্রও পুলিশের কাছে জমা দিয়েছেন। তাঁর মতে, এই ছবিগুলি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ঠিক কোন কোন জায়গা থেকে মাটি কাটা হয়েছে এবং এর ফলে জমির কতটা ক্ষতি হয়েছে।
এর আগে ২০২০ সালের আমফান ঘূর্ণিঝড়ের সময়েও অভিজিৎ বিশ্বাস অভিযোগ তুলেছিলেন যে, ত্রাণ সামগ্রী হিসেবে আসা ত্রিপল অবৈধভাবে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়গুলিতে মজুত করে রাখা হয়েছিল। সেই মামলাতেও তিনি থানায় অভিযোগ দায়ের করে প্রায় ২৫০ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ এনেছিলেন।
বর্তমান মামলায় বিজেপি নেতার অভিযোগ, মাটি কাটা এবং বিক্রির এই পুরো কাজটি অত্যন্ত সুসংগঠিতভাবে করা হয়েছে। তবে এই খবর লেখা পর্যন্ত অভিযুক্ত পক্ষের তরফে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখার পরেই এই অভিযোগের সত্যতা স্পষ্ট হবে বলে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি