ঝাড়গ্রামে পেঁয়াজ বোঝাই লরি থেকে ৫৪ কেজি গাঁজা উদ্ধার, পলাতক চালক ও খালাসি
ঝাড়গ্রাম, ১৬ জুন (হি. স.) : পেঁয়াজ বোঝাই লরির কেবিন থেকে ফের বিপুল পরিমাণ নিষিদ্ধ গাঁজা উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার ঝাড়গ্রাম থানার ৪৯ নম্বর জাতীয় সড়কের চন্দ্রী এলাকায় পুলিশের তৎপরতায় এই সাফল্য মেলে। লরি থেকে প্রায় পাঁচ বস্তা গাঁজা উদ্ধার করা হয়েছে,
ঝাড়গ্রামে পেঁয়াজ বোঝাই লরি থেকে ৫৪ কেজি গাঁজা উদ্ধার, পলাতক চালক ও খালাসি


ঝাড়গ্রাম, ১৬ জুন (হি. স.) : পেঁয়াজ বোঝাই লরির কেবিন থেকে ফের বিপুল পরিমাণ নিষিদ্ধ গাঁজা উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার ঝাড়গ্রাম থানার ৪৯ নম্বর জাতীয় সড়কের চন্দ্রী এলাকায় পুলিশের তৎপরতায় এই সাফল্য মেলে। লরি থেকে প্রায় পাঁচ বস্তা গাঁজা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক ওজন প্রায় ৫৪ কেজি।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ঝাড়খণ্ডের দিক থেকে একটি পেঁয়াজ বোঝাই লরি কলকাতার দিকে আসছিল। সেই সময় ঝাড়গ্রাম থানার সাব ইন্সপেক্টর উমাকান্ত পড়িয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ৪৯ নম্বর জাতীয় সড়কের চন্দ্রী এলাকায় ডিউটি করছিলেন। লরিটিকে দেখে সন্দেহ হওয়ায় পুলিশ সেটিকে আটকানোর চেষ্টা করে। বেগতিক বুঝে চালক লরিটির গতি বাড়িয়ে দেয় এবং কিছুটা দূরে জাতীয় সড়কের পাশে গাড়িটি দাঁড় করিয়ে খালাসিকে সঙ্গে নিয়ে চম্পট দেয়।

​এরপর পুলিশ লরিটির কেবিনে তল্লাশি চালিয়ে ৫৪ কেজি নিষিদ্ধ গাঁজা উদ্ধার করে। ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছান ঝাড়গ্রামের এসডিপিও শামিম বিশ্বাস এবং ঝাড়গ্রাম থানার আইসি কৌশিক সিনহা। পুলিশ গাঁজা-সহ লরিটিকে আটক করে থানায় নিয়ে এসেছে। পলাতক চালক ও খালাসির খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

​উল্লেখ্য, গত মার্চ মাসেও ঝাড়গ্রাম থানার ৪৯ নম্বর জাতীয় সড়কের ফাসিতলা এলাকায় নাকা চেকিংয়ের সময় একটি লরি থেকে প্রায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছিল পুলিশ। সেই ঘটনায় চালক ও খালাসিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছিল।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande