
আরামবাগ , ১৬ জুন (হি.স.) : গোঘাট-১ ব্লকে জনকল্যাণ শিবিরের দ্বিতীয় দিনে উপচে পড়া ভিড়, ভাতা প্রকল্প চালু হতেই উৎসাহ দ্বিগুণ
সারা বাংলা জুড়ে শুরু হয়েছে রাজ্য সরকারের বহুল প্রচারিত ‘জনকল্যাণ শিবির’। সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে শুরু হওয়া এই কর্মসূচিকে ঘিরে বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে ব্যাপক সাড়া। তারই প্রতিফলন মিলল গোঘাট-১ ব্লকের বিভিন্ন শিবিরে, যেখানে মঙ্গলবার সকাল থেকেই মানুষের ভিড় চোখে পড়ার মতো।
সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা সহজে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই শিবিরের আয়োজন করা হয়েছে। অন্নপূর্ণা যোজনা, পিএম কিষান , আয়ুষ্মান ভারত, কৃষক সংক্রান্ত পরিষেবা সহ একাধিক সরকারি সুবিধার জন্য বহু মানুষ শিবিরে উপস্থিত হন। বিশেষ করে প্রবীণ, মহিলা ও সাধারণ গ্রামীণ মানুষের মধ্যে এই উদ্যোগকে ঘিরে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।
তবে শিবিরের প্রথম দিনে কিছুটা সমস্যার মুখেও পড়তে হয় প্রশাসনকে।
জানা যায়, সার্ভার সংক্রান্ত প্রযুক্তিগত সমস্যার কারণে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার আবেদন বা সংক্রান্ত কাজ শুরু করা সম্ভব হয়নি। ফলে বহু মানুষ কিছুটা হতাশ হয়ে ফিরলেও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছিলো।
অবশেষে এদিন সকাল থেকেই এসব পরিস্থিতি স্বাভাবিক হতেই শুরু হয়েছে ওই সমস্ত ভাতা প্রকল্পের কাজ। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার পরিষেবা চালু হওয়ায় সকাল থেকেই শিবিরে মানুষের উৎসাহ আরও বেড়ে যায়। প্রয়োজনীয় নথিপত্র হাতে নিয়ে বহু মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজেদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেন।
স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, সরকারি অফিসে বারবার ঘোরার বদলে এক জায়গায় একাধিক পরিষেবা পাওয়া গেলে তা সাধারণ মানুষের জন্য অত্যন্ত সুবিধাজনক। প্রশাসনের দাবি, আগামী দিনেও এই ধরনের উদ্যোগ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজ ও দ্রুত পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA