
শ্রীভূমি (অসম), ১৬ জুন (হি.স.) : শ্রীভূমি জেলায় আজ মঙ্গলবার থেকে ‘স্টপ ডায়রিয়া’ অভিযান শুরু হয়েছে। শ্রীভূমি শহরের করিমগঞ্জ সিভিল হাসপাতালের সম্মেলন কক্ষে আজ জেলা পর্যায়ে ‘স্টপ ডায়রিয়া অভিযান, ২০২৬’-এর আনুষ্ঠানিক সূচনা করা হয়।
আজ (১৬ জুন) থেকে ৩১ জুলাই পর্যন্ত চলবে এই অভিযান। অভিযানের মূল লক্ষ্য, পাঁচ বছরের কম বয়সি শিশুদের ডায়রিয়াজনিত মৃত্যু রোধ করা এবং ওআরএস, জিংক, নিরাপদ পানীয় জল, স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাস্থ্য বিভাগের যুগ্ম-অধিকৰ্তা ডা. মতীন্দ্র সূত্রধর।
ডা. সূত্রধর বলেন, সময়মতো ওআরএস ও জিংকের ব্যবহার, নিরাপদ পানীয় জল, সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস এবং দ্রুত চিকিৎসা গ্রহণের মাধ্যমে ডায়রিয়াজনিত শিশুমৃত্যু সম্পূর্ণরূপে প্রতিরোধ করা সম্ভব। তিনি সকল স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করেন, যাতে ‘ডায়রিয়ায় কোনও শিশুর মৃত্যু নয়’, এই লক্ষ্য সফলভাবে অর্জন করা যায়।
অনুষ্ঠানে অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন করিমগঞ্জ সিভিল হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট ডা. শুভ্রাংশু ভট্টাচার্য, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. বুরহান উদ্দিন চৌধুরী এবং এনএইচএম-এর ডিপিএম হানিফ মোহম্মদ। এছাড়া অনুষ্ঠানে চিকিৎসক, কমিউনিটি হেল্থ অফিসার, নার্সিং কর্মকর্তা, আশা কর্মী এবং রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে ওআরটি কর্নারকে কার্যকর রাখা, পর্যাপ্ত ওআরএস ও জিংকের মজুত নিশ্চিত করা, বাড়ি বাড়ি সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যবিধি সম্পর্কিত প্রচার কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
এদিন জেলার বিভিন্ন হাসপাতাল, কমিউনিটি হেল্থ সেন্টার, ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, আয়ুষ্মান আরোগ্য মন্দির এবং উপ-স্বাস্থ্য কেন্দ্রেও ‘স্টপ ডায়রিয়া অভিযান, ২০২৬’-এর শুভ সূচনা করা হয়।
বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ওআরএস তৈরির প্রদর্শনী, সচেতনতামূলক সভা এবং স্বাস্থ্য শিক্ষা কর্মসূচির আয়োজন করা হয়। আগামী ৩১ জুলাই পর্যন্ত এই অভিযান জেলার সর্বত্র চলবে। এতে শিশুদের ডায়রিয়া শুরু হলেই দ্রুত ওআরএস খাওতে, স্বাস্থ্যকর্মীর পরামর্শ অনুযায়ী জিংক দিতে এবং প্রয়োজনে নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠানে নিয়ে যেতে সব অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস