
গুয়াহাটি, ১৬ জুন (হি.স.) : গুয়াহাটিতে অবস্থিত শক্তিপীঠ কামাখ্যা মন্দিরে আগামী ২২ থেকে ২৫ জুন পর্যন্ত অনুষ্ঠেয় অম্বুবাচি মেলায় আগত হাজার হাজার ভক্তের জন্য সুগম, সুরক্ষিত ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে। মেলার সময় যাত্রীদের ব্যাপক সমাগমের বিষয়টি বিবেচনা করে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে যাত্রীদের সুবিধার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এর মধ্যে স্পেশাল ট্রেন চালানো, ২৪ ঘণ্টা টিকিট কাটার সুবিধা, অতিরিক্ত রেলওয়ে ও সুরক্ষা কর্মী মোতায়েন, সহায়তা কেন্দ্র ও অনুসন্ধান কাউন্টার স্থাপন এবং তীর্থ যাত্রীদের জন্য খাবারের প্যাকেট ও পানীয় জল বিতরণ রয়েছে। এই আয়োজনগুলির লক্ষ্য অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক অনুষ্ঠান চলাকালীন ভক্তদের নির্বিঘ্ন চলাচল, যাত্রী ভিড়ের ব্যবস্থাপনার পাশাপাশি যাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা।
আজ মঙ্গলবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এ সম্পর্কে জানান, তীর্থ যাত্রীদের সম্ভাব্য ভিড়ের প্রতি লক্ষ রেখে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে তিনটি স্পেশাল অসংরক্ষিত ট্রেন পরিষেবা চালু করছে। প্রায় ৫০টি সাধারণ দ্বিতীয় শ্রেণির কোচ সহ এই তিনটি ট্রেন কামাখ্যার সাথে অসম ও উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ গন্তব্যগুলির সঙ্গে সংযোগ স্থাপন করবে। এছাড়া, মেলার সময় যাত্রী পরিবহণের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন নিয়মিত যাত্রীবাহী ট্রেনে সাময়িকভাবে ১১টি অতিরিক্ত সাধারণ দ্বিতীয় শ্রেণির কোচ সংযুক্ত করা হচ্ছে।
এই ব্যবস্থার অংশ হিসেবে ট্রেন নম্বর ০৫৬৬১ কামাখ্যা-আলিপুরদুয়ার জংশন ওয়ান-ওয়ে স্পেশাল ট্রেন ১৯ জুন কামাখ্যা থেকে রওয়ানা হবে এবং পরের দিন আলিপুরদুয়ার পৌঁছাবে। এছাড়া, ট্রেন নম্বর ০৫৪৪৪/০৫৪৪৫ আলিপুরদুয়ার-কামাখ্যা-আলিপুরদুয়ার স্পেশাল ট্রেন ২০ থেকে ২২ জুন এবং ২৪ থেকে ২৭ জুন পর্যন্ত প্রতিদিন চলাচল করবে। এর ফলে মেলার সময় অসম ও উত্তরবঙ্গের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। এছাড়া, ট্রেন নম্বর ০৫৭৮০ নিউ জলপাইগুড়ি-কামাখ্যা স্পেশাল ট্রেন ২০ ও ২৭ জুন এবং ট্রেন নম্বর ০৫৭৭৯ কামাখ্যা-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেন ২১ ও ২৮ জুন চলবে। এর ফলে পবিত্র তীর্থস্থান দর্শনে ইচ্ছুক ভক্তদের যাতায়াতের জন্য অতিরিক্ত বিকল্প তৈরি হবে।
এনএফ রেলে মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান. টিকিট কাটার সুবিধার জন্য কামাখ্যা ও গুয়াহাটি রেলওয়ে স্টেশনে ২৪ ঘণ্টা অতিরিক্ত টিকিট কাউন্টার চালু রাখার ব্যবস্থা করা হচ্ছে। মেলার সময় তীর্থ যাত্রীদের প্রয়োজনীয় নির্দেশনা, তথ্য ও সহায়তা প্রদানের জন্য গুরুত্বপূর্ণ স্থানগুলিতে বিশেষ সহায়তা কেন্দ্র ও অনুসন্ধান কাউন্টারও স্থাপন করা হচ্ছে।
ভিড় ব্যবস্থাপনা এবং যাত্রীদের অধিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে, কামাখ্যা, গুয়াহাটি ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেশনে রেলওয়ে প্রটেকশন ফোর্স (আরপিএফ), গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) এবং কমার্শিয়াল ও টেকনিক্যাল বিভাগের অতিরিক্ত কর্মী মোতায়েন করা হচ্ছে। এছাড়া, ভারত স্কাউটস অ্যান্ড গাইডস-এর প্রায় ২০০ জন স্বেচ্ছাসেবককে তীর্থযাত্রীদের সহায়তার জন্য নিয়োজিত করা হচ্ছে। স্বেচ্ছাসেবকরা তীর্থযাত্রীদের পথনির্দেশনা, তথ্য ও অন্যান্য সহায়তা প্রদান করবেন, যাতে অম্বুবাচি মেলার সময় তীর্থযাত্রার অভিজ্ঞতা বাধাহীন ও ঝামেলামুক্ত হয়।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস