
বীরভূম, ১৬ জুন (হি.স.): বেআইনিভাবে বালি পাচারের ট্রাক্টর যাতায়াতের ফলে দুর্ঘটনা ঘটছে। এই অভিযোগ তুলে বালি বোঝাই ট্রাক্টর আটকে সোমবার রাতে এবং মঙ্গলবার সকালে দফায় দফায় বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে কাঁকসার আমলাজোড়া পঞ্চায়েতের সোকনা গ্রামে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকেরাও।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে সোকনা গ্রামের রাস্তা দিয়ে সারিবদ্ধভাবে বালি বোঝাই ট্রাক্টর যাচ্ছিল। সেই সময় আচমকাই গ্রামবাসীরা পথ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। একে একে প্রায় ৩৬টি বালি বোঝাই ট্রাক্টর আটকে দেওয়া হয়। মঙ্গলবার সকালে ফের নতুন করে বিক্ষোভ শুরু হলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই এলাকায় প্রশাসনের নজর এড়িয়ে রমরমিয়ে বেআইনি বালি পাচারের কারবার চলছে। এই ট্রাক্টর যাতায়াতের ফলে দুর্ঘটনা ঘটছে। মঙ্গলবার সকালে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ