ক্যানিংয়ে তৃণমূল নেতার ছেলের বাড়িতে পুলিশের অভিযান, আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজের খোল উদ্ধার
ক্যানিং, ১৬ জুন (হি. স.) : গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ কার্তুজের খোল উদ্ধার করেছে। এই ঘটনায় মূল অভিযুক্ত আপতার হোসেন সর্দার পলাতক। পুলিশ জানিয়েছে, সে স্থানীয় তৃণমূল নেতা
ক্যানিংয়ে তৃণমূল নেতার ছেলের বাড়িতে পুলিশের অভিযান, আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজের খোল উদ্ধার


ক্যানিং, ১৬ জুন (হি. স.) : গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ কার্তুজের খোল উদ্ধার করেছে। এই ঘটনায় মূল অভিযুক্ত আপতার হোসেন সর্দার পলাতক।

পুলিশ জানিয়েছে, সে স্থানীয় তৃণমূল নেতা সাজ্জাদ হোসেন সর্দারের ছেলে।

​পুলিশ সূত্রে খবর, সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ ক্যানিং থানার পুলিশ হাটপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ ডেভিসাবাদ এলাকায় অভিযান চালায়। সেখানে স্থানীয় বাসিন্দা অপতারের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বন্দুক, ১ রাউন্ড গুলি, ১২৫টি খালি ১২ বোর কার্তুজ, বেশ কিছু আগ্নেয়াস্ত্রের যন্ত্রাংশ এবং একটি লম্বা ভারী এয়ারগান উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, উদ্ধার হওয়া অস্ত্রের রক্ষণাবেক্ষণ এবং কার্তুজ রিফিলের কাজ করতেন অপতার। এমনকি তিনি বন্দুক তৈরি ও মেরামতির কাজও করতেন। আশপাশের অনেকেই তাঁর কাছে বন্দুক ও কার্তুজ মেরামতির জন্য দিয়ে যেত বলে পুলিশের অনুমান। অভিযানের সময়ই আপতার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে ক্যানিং থানার পুলিশ। পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

​অন্যদিকে, বাসন্তী থানার পুলিশ চড়াবিদ্যা এলাকায় তল্লাশি চালিয়ে রফিক শেখ ও মেহেরুল মোল্লা নামে দুই দুষ্কৃতীকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও তদন্ত করতে চাইছে পুলিশ।

বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার অরবিন্দ কুমার আনন্দ বলেন, “সমস্ত পুলিশ জেলা জুড়েই বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য স্পেশাল ড্রাইভ চলছে। সোমবার ক্যানিং ও বাসন্তী থানা এলাকা থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। আগামীদিনেও বেআইনি অস্ত্র উদ্ধারের জন্য তল্লাশি জারি থাকবে।”

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande