
বাগদা, ১৬ জুন (হি. স.) : দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা সিন্দ্রানী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করলেন বাগদার নবনিযুক্ত বিধায়িকা সোমা ঠাকুর। মঙ্গলবার তাঁর পরিদর্শনকে ঘিরে এলাকার বাসিন্দাদের মধ্যে নতুন করে উন্নয়নের আশা জাগে। স্বাস্থ্যকেন্দ্রে ২৪ ঘণ্টা চিকিৎসক ও নার্সের উপস্থিতি, রোগী ভর্তি ব্যবস্থা চালু করা-সহ একাধিক দাবি জানান স্থানীয়রা।পরিদর্শনের সময় হাসপাতালের কোয়ার্টার বেআইনিভাবে দখল হয়ে যাওয়া এবং হাসপাতালের মাঠ ব্যবসায়িক কাজে ব্যবহার হওয়ার অভিযোগও বিধায়িকার কাছে তুলে ধরেন বাসিন্দারা। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন নির্বাচনের আগে উন্নয়নের আশ্বাস মিললেও ভোটের পর আর কোনও কাজ হয়নি।এ বিষয়ে সোমা ঠাকুর বলেন, “বিগত সরকারের আমলে রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে। আমি যে হাসপাতালেই যাচ্ছি, সেখানেই বেহাল চিত্র দেখতে পাচ্ছি। যত দ্রুত সম্ভব স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সিন্দ্রানী স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়নের উদ্যোগ নেব।” গ্রাম পঞ্চায়েত সদস্য বিজয় বাইনও স্বাস্থ্যকেন্দ্রের বেহাল অবস্থা, কোয়ার্টারে অসামাজিক কার্যকলাপ এবং মাঠ দখলের বিষয়টি বিধায়িকার নজরে আনার কথা জানান। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, এবার অন্তত স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন হবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়