
কালনা, ১৬ জুন (হি. স.):-পূর্ব বর্ধমানের কালনা থানার অন্তর্গত কালিনগর ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে ব্যাগভর্তি সাতটি কচ্ছপ উদ্ধার হওয়ায় মঙ্গলবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে কয়েকজন টোটোচালক রাস্তার ধারে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখেন। সন্দেহ হওয়ায় তাঁরা ব্যাগটি খুলে দেখেন, তার ভিতরে জীবিত অবস্থায় রয়েছে একাধিক কচ্ছপ।খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। স্থানীয় বাসিন্দাদের অনুমান, কচ্ছপগুলি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল অথবা বিক্রির জন্য কোথাও সরানো হচ্ছিল। তবে কীভাবে ব্যাগভর্তি কচ্ছপ ওই এলাকায় এসে পড়ল এবং এর পিছনে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।ঘটনার খবর পেয়ে ধাত্রীগ্রাম ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপগুলিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া সাতটি কচ্ছপ বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে। পাশাপাশি, বন্যপ্রাণ পাচার চক্রের কোনও যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়