
আগর মালয়া, ১৬ জুন ( হি . স.): মধ্যপ্রদেশের আগর মালয়া জেলার উজ্জয়িনী-ঝালাওয়ার ৫৫২-জি জাতীয় সড়কে ঘটল এক পথ দুর্ঘটনা। সোমবার রাতে নিপানিয়া বৈজনাথ গ্রামের কাছে ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম দীনেশ মালবীয় (৩০)। সে দেওয়াস জেলার জামনোদ গ্রামের বাসিন্দা । তবে দুর্ঘটনার পর এখনও পর্যন্ত গাড়ির চালক পলাতক।
মঙ্গলবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সোমবার রাতে দীনেশ তার এক বন্ধুর সঙ্গে বাইকে চড়ে আগর মালয়া জেলার লোলকি গ্রামে গিয়েছিল। ফেরার পথে নিপানিয়া বৈজনাথ গ্রামের কাছে ঘটে দুর্ঘটনাটি। রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া গতির গাড়ি ধেয়ে আসে এবং সজোরে ধাক্কা মারে দীনেশকে । দুর্ঘটনায় সে গুরুতরভাবে আহত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক