
ঝাড়গ্রাম, ১৬ জুন (হি. স.): যাত্রীবোঝাই বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল লরির চালকের। এই ঘটনায় কম-বেশি আহত হয়েছেন বাসের ১০ জন যাত্রী। এদিকে ঘটনার খবর পেয়েই নিজের কর্মসূচি ছেড়ে হাসপাতালে আহতদের দেখতে ছুটে আসেন রাজ্যের মন্ত্রী রাজীব মাহাতো। মঙ্গলবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর-লোধাশুলি ৪৯ নম্বর জাতীয় সড়কের গুপ্তমণি এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন লোধাশুলির দিক থেকে একটি যাত্রীবোঝাই বাস মেদিনীপুরের দিকে যাচ্ছিল। গুপ্তমণি এলাকায় বর্তমানে জাতীয় সড়কের কাজ চলায় একই রাস্তা দিয়ে দু’দিকের গাড়ি চলাচল করছে। সেখানে লরিটি অন্য একটি গাড়িকে পাশ কাটাতে (ওভারটেক) গিয়ে সামনে চলে আসা যাত্রীবোঝাই বাসটির মুখোমুখি ধাক্কা মারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত লরির চালকের বাড়ি বিহার রাজ্যে, তবে তাঁর নাম-পরিচয় এখনও জানা যায়নি।
এই দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। তাঁরা আহত শিশু, মহিলা ও পুরুষদের উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং মোহনপুর গ্রামীণ হাসপাতালে পাঠিয়ে দেন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে নিজের পূর্বনির্ধারিত কর্মসূচি ছেড়ে দ্রুত হাসপাতালে চলে আসেন রাজ্যের মন্ত্রী তথা গোপীবল্লভপুরের বিধায়ক রাজীব মাহাতো। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি, আহতদের সব ধরনের উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো