
আগরতলা, ১৬ জুন (হি.স.) : রহস্যজনক অগ্নিকাণ্ডে আগরতলা আদালত চত্বরের আটটি দোকান ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। সোমবার গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে দমকল বিভাগের অনুমান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে, তবে প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের নির্জন সময় হঠাৎ করেই আদালত চত্বরের দোকানঘরগুলিতে আগুন দেখতে পান আশপাশের লোকজন। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে একাধিক দোকানে। খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। প্রায় ৫০ মিনিটের তৎপরতায় আগুন আয়ত্তে আনা সম্ভব হলেও ততক্ষণে সবকটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান, তিনটি টিফিন স্টল, একটি টাইপিং দোকান এবং একটি জেরক্স দোকান সহ মোট আটটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় ব্যবসায়ীরা জানান, আদালত চত্বরকে কেন্দ্র করে তাঁরা প্রায় ৩৫ - ৪০ বছর ধরে জীবিকা নির্বাহ করে আসছেন। আকস্মিক এই অগ্নিকাণ্ডে তাঁরা সর্বস্বান্ত হয়ে পড়েছেন বলে দাবি করেন।
ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সহকারী সাধারণ সম্পাদক ভবানী রঞ্জন ভট্টাচার্য। তিনি জানান, “আগুনের তীব্রতায় দোকানগুলির কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।” তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত দোকানদারদের সাহায্যের জন্য বার অ্যাসোসিয়েশনের কাছে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ইতিমধ্যেই আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সঙ্গে সাক্ষাৎ করে আর্থিক সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন। দীর্ঘদিনের ব্যবসা হারিয়ে তাঁরা গভীর সংকটে পড়েছেন বলে জানান।
এই অগ্নিকাণ্ডকে ঘিরে আদালত চত্বর এলাকায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসন ও দমকল বিভাগ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ