জুম জমির বিবাদে উত্তপ্ত হেজামারা, চলল গুলি, নিরাপত্তার দাবিতে থানার দ্বারস্থ গ্রামবাসী
মোহনপুর (ত্রিপুরা), ১৬ জুন (হি.স.) : পশ্চিম ত্রিপুরা জেলার সিধাই থানাধীন হেজামারা বালুয়াছড়া এলাকায় জুম জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ সোমবার ভয়াবহ রূপ নেয়। অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে একদল দুষ্কৃতী রাতে এলাকায় ঢুকে অন্তত ৬ রাউন্ড গুলি চালায়। আকস্
থানার দ্বারস্থ গ্রামবাসী


মোহনপুর (ত্রিপুরা), ১৬ জুন (হি.স.) : পশ্চিম ত্রিপুরা জেলার সিধাই থানাধীন হেজামারা বালুয়াছড়া এলাকায় জুম জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ সোমবার ভয়াবহ রূপ নেয়। অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে একদল দুষ্কৃতী রাতে এলাকায় ঢুকে অন্তত ৬ রাউন্ড গুলি চালায়। আকস্মিক গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। প্রাণভয়ে বহু গ্রামবাসী বাড়িঘর ছেড়ে নিকটবর্তী জঙ্গলে আশ্রয় নিতে বাধ্য হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত সম্প্রাই দেববর্মার দখলে থাকা প্রায় ১৫ কানি জুমের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অভিযোগ, স্থানীয় শঙ্কর দেববর্মা, রবি দেববর্মা, সুনীল দেববর্মা এবং তাঁদের সহযোগীরা ওই জমি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে একাধিকবার আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি।

গ্রামবাসীদের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধ মেটানোর জন্য বৈঠকে ডেকে বালুয়াছড়া এলাকার কয়েকজন বাসিন্দার উপর হামলা ও মারধরের ঘটনাও ঘটেছে। এরপর থেকেই এলাকায় উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন রবিবার গভীর রাতে অভিযুক্তরা এলাকায় এসে এলোপাতাড়ি গুলি চালায় বলে অভিযোগ ওঠে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘটনার আগে থেকেই অভিযুক্তদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছিল। এ বিষয়ে প্রশাসন ও পুলিশের কাছে বারবার অভিযোগ জানানো হলেও কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই পরিস্থিতি এতটা ভয়াবহ আকার ধারণ করেছে বলে তাঁদের অভিযোগ।

ঘটনার পর বালুয়াছড়া এলাকার বাসিন্দারা একজোট হয়ে সিধাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে শঙ্কর দেববর্মা, রবি দেববর্মা, সুনীল দেববর্মা, স্বপন দেববর্মাসহ মোট ৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গ্রামবাসীরা জানান, বর্তমানে এলাকায় চরম আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। অনেক পরিবার এখনও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে আরও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।

এলাকাবাসীরা প্রশাসনের কাছে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা, নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। তবে এই ঘটনায় সিধাই থানার পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেলেও, অভিযোগের সত্যতা ও গুলিচালনার বিষয়টি তদন্তসাপেক্ষ বলে প্রশাসনিক মহল সূত্রে খবর।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande