
আরামবাগ, ১৬ জুন (হি. স.): খড়গপুর থেকে মোরগ্রাম পর্যন্ত প্রস্তাবিত জাতীয় সড়ক নির্মাণ প্রকল্পকে কেন্দ্র করে মঙ্গলবার গোঘাটের পুকুরিয়া এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভায় অংশ নিলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আধিকারিকরা, সংশ্লিষ্ট ব্লকের বিডিও , গোঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি)-সহ অন্যান্য প্রশাসনিক প্রতিনিধিরা।
আলোচনা সভায় জাতীয় সড়ক নির্মাণের সম্ভাব্য রূপরেখা, জমি সংক্রান্ত বিষয়, স্থানীয় মানুষের মতামত এবং প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এলাকার উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণের ক্ষেত্রে এই জাতীয় সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত প্রকাশ করেন উপস্থিত আধিকারিকরা।
বিধায়ক প্রশান্ত দিগার স্থানীয় বাসিন্দাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাঁদের বিভিন্ন প্রশ্ন ও উদ্বেগের বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। তিনি জানান, উন্নয়নের স্বার্থে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও সাধারণ মানুষের স্বার্থ ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, “খড়গপুর থেকে মোরগ্রাম পর্যন্ত জাতীয় সড়ক নির্মিত হলে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং এলাকার সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। মানুষের স্বার্থ রক্ষা করেই প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রকল্প সংক্রান্ত বিষয়ে স্থানীয় মানুষের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যাওয়া হবে এবং তাঁদের মতামত যথাযথ গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।
জাতীয় সড়ক প্রকল্পকে ঘিরে পুকুরিয়া এলাকার বাসিন্দাদের মধ্যে আগ্রহের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে মতামত ও প্রত্যাশাও উঠে আসে। এদিনের বৈঠক সেই সব বিষয় নিয়ে প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সরাসরি সংলাপের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে ওঠে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA