
আরামবাগ , ১৬ জুন (হি.স) : খানাকুলে কংক্রিটের সেতু নির্মাণের পথে বড় পদক্ষেপ, শুরু হল মাটি পরীক্ষার কাজ
খানাকুলের বিভিন্ন এলাকায় কাঠ ও বাঁশের নড়বড়ে সেতু নিয়ে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ ছিল। বর্ষাকালে এই সেতুগুলি পারাপারের ক্ষেত্রে ঝুঁকির কারণ হয়ে দাঁড়াত। বহুবার স্থানীয় বাসিন্দারা স্থায়ী কংক্রিটের সেতু নির্মাণের দাবি জানিয়েছিলেন।
বিধানসভা নির্বাচনের আগে বিজেপির পক্ষ থেকেও এই সেতুগুলিকে কংক্রিটের সেতুতে রূপান্তর করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। নির্বাচনে জয়ের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে উদ্যোগী হয়েছেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। মঙ্গলবার থেকে শুরু হয়েছে সেই পরিকল্পনার প্রাথমিক কাজ।
এদিন খানাকুলের বালিগোড়ি এলাকায় মুণ্ডেশ্বরী নদীর তীরে সেতু নির্মাণের জন্য মাটি পরীক্ষার কাজ সম্পন্ন হয়। বিশেষজ্ঞদের উপস্থিতিতে মাটির গুণমান, ধারণক্ষমতা এবং নির্মাণের উপযোগিতা খতিয়ে দেখা হয়। এই রিপোর্টের ভিত্তিতেই ভবিষ্যৎ প্রকল্পের বিস্তারিত রূপরেখা তৈরি হবে।
জানা গিয়েছে, প্রাথমিক পর্যায়ে তিনটি গুরুত্বপূর্ণ সেতুকে কংক্রিটের কাঠামোয় রূপান্তরিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে খানাকুলের অন্যান্য সেতুগুলিকেও আধুনিক ও স্থায়ী অবকাঠামোয় পরিণত করার ভাবনা রয়েছে।
স্থানীয় মানুষের মতে, বালিগোড়ির এই সেতুটি নির্মিত হলে খানাকুলের সঙ্গে হাওড়া জেলার যোগাযোগ অনেক বেশি সহজ ও দ্রুত হবে। পাশাপাশি বর্ধমান ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকার যাতায়াত ব্যবস্থাও আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
বিধায়ক সুশান্ত ঘোষ জানিয়েছেন, শুধু সেতু নির্মাণ নয়, খানাকুলের সামগ্রিক উন্নয়নের জন্য একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যোগাযোগ ব্যবস্থা, বন্যা নিয়ন্ত্রণ, পর্যটন এবং অন্যান্য পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রেও আগামী দিনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA