তারকেশ্বরে প্রধানমন্ত্রীর জনসভার প্রস্তুতি তুঙ্গে: সভাস্থল পরিদর্শনে প্রতিমন্ত্রীদের দল, বিলি হল আমন্ত্রণপত্র
তারকেশ্বর, ১৬ জুন (হি. স.): আগামী ২০ জুন তারকেশ্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভাকে কেন্দ্র করে জোরকদমে চলছে প্রস্তুতি। সেই প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখতে মঙ্গলবার সভাস্থল পরিদর্শন করলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন বিভাগের প্রতিমন্ত্রী
তারকেশ্বরে প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে প্রতিনিধিদল


তারকেশ্বর, ১৬ জুন (হি. স.): আগামী ২০ জুন তারকেশ্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভাকে কেন্দ্র করে জোরকদমে চলছে প্রস্তুতি। সেই প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখতে মঙ্গলবার সভাস্থল পরিদর্শন করলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন বিভাগের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার, হুগলির মহকুমাশাসক (এসডিও)-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন তারকেশ্বর বিধানসভার বিধায়ক সন্তু পান।

​পরিদর্শনের সময় সভাস্থলের বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়। জনসভায় আগত মানুষের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ, পার্কিং এবং প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত প্রতিনিধিরা। প্রধানমন্ত্রীর সভা যাতে সুষ্ঠু, নিরাপদ ও সফলভাবে সম্পন্ন হয়, তার জন্য প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়।

​সভাস্থল পরিদর্শনের পাশাপাশি প্রতিনিধিদল বাবা তারকনাথের মন্দিরে গিয়ে পুজো ও দর্শন করেন। সেখানে দেশের উন্নতি, সমৃদ্ধি এবং প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করা হয়।

​এরপর তারকেশ্বর শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের হাতে ২০ জুনের জনসভার আমন্ত্রণপত্র তুলে দেওয়া হয়। বিধায়ক সন্তু পান স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সভায় উপস্থিত থাকার আহ্বান জানান। আমন্ত্রণপত্র বিতরণকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

​বিধায়ক সন্তু পান বলেন, “২০ জুন তারকেশ্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা এই অঞ্চলের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়ন ও জনকল্যাণের বার্তা পৌঁছে দিতে এই সভা বিশেষ ভূমিকা পালন করবে। তাই সকলকে সভায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।” প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি যাবতীয় প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। আগামী ২০ জুনের সভাকে সফল করতে প্রশাসন ও দলীয় নেতৃত্ব সমন্বয় রেখে কাজ করছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande