দিনহাটায় তৃণমূল নেতার বাড়িতে ভাঙচুর ও লুট, তদন্তে পুলিশ
দিনহাটা. ১৬ জুন (হি. স.) : কোচবিহারের ভেটাগুড়ি ২ নম্বর অঞ্চলের সাকদল গ্রামে তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি আইনুল মিঞার বাড়িতে ব্যাপক লুটপাট ও ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, সোমবার রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিট নাগাদ একদল দুষ্কৃতী তাঁর বাড়িত
দিনহাটায় তৃণমূল নেতার বাড়িতে ভাঙচুর ও লুট, তদন্তে পুলিশ


দিনহাটা. ১৬ জুন (হি. স.) : কোচবিহারের ভেটাগুড়ি ২ নম্বর অঞ্চলের সাকদল গ্রামে তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি আইনুল মিঞার বাড়িতে ব্যাপক লুটপাট ও ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, সোমবার রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিট নাগাদ একদল দুষ্কৃতী তাঁর বাড়িতে এই হামলা চালায় ।

আইনুল মিঞার দাবি, হামলাকারীরা তাঁর বাড়ির চারটি ঘরে ঢুকে আসবাবপত্র তছনছ করে এবং প্রচুর মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। খোয়া যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে সোনার গয়না, জল তোলার মেশিন ও স্ট্যান্ড ফ্যান।

তৃণমূল নেতার অভিযোগ, ভোটের ফল ঘোষণার পর থেকেই তাঁর বাড়িতে বারবার হামলা চালানো হচ্ছে। গত চার দিনে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে এবং এর আগে তাঁর একটি দু’চাকা গাড়িও লুট করে নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। আইনুল মিঞার কথায়, এই ঘটনাগুলি ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার স্মৃতি আবারও ফিরিয়ে আনছে। খবর পেয়ে রাত সাড়ে ১২টা নাগাদ স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তৃণমূল নেতা এই হামলার পেছনে বিজেপি-সমর্থিত দুষ্কৃতীদের হাত রয়েছে বলে সরাসরি অভিযোগ তুলেছেন। যদিও এই অভিযোগের প্রেক্ষিতে বিজেপির পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande