
বুলন্দশহর, ১৭ জুন (হি.স.): উত্তর প্রদেশের বুলন্দশহরে পুলিশ ও দুষ্কৃতীর মধ্যে গুলির লড়াই। গ্রেফতার এক। মঙ্গলবার গভীর রাতে সেকান্দারাবাদ থানার অন্তর্গত সন্তপুরা বম্বের পুলিয়ার কাছে পুলিশ ও দুষ্কৃতীর মধ্যে চলে গুলির লড়াই। বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম বিনোদ ওরফে কালিয়া। সে সেকান্দারাবাদ থানা এলাকার সিরোধন গ্রামের বাসিন্দা। তল্লাশি অভিযান চালিয়ে ধৃতের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে একটি পিস্তল, কার্তুজ, একটি বাইক, একটি ল্যাপটপ ব্যাগ, একটি রুপোর কয়েন এবং নগদ ২৫,০০০ হাজার টাকা ।
বুধবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার রাতে এলাকায় টহল দেওয়ার সময় এক বাইক আরোহীকে দেখে পুলিশের সন্দেহ হওয়ায় তাকে থামার নির্দেশ দেয় । পুলিশকে দেখামাত্র সে নাগলা কলানের দিকে পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে ধাওয়া করলে সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে বিনোদের ডান পায়ে গুলি লাগে এবং সে জখম হয়। এরপরই তাকে গ্রেফতার করে পুলিশ। আহত দুষ্কৃতীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক