
ধামতরি, ১৭ জুন (হি.স.) : ছত্তিসগড়ে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ২১ জুন ধামতরি জেলা সদর এলাকার রত্নাবাঁধা রোডের হারদিহা সাহু সমাজ ভবনে জেলা-স্তরের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমবেত যোগাভ্যাস-সহ একাধিক কর্মসূচি অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন কুরুদ কেন্দ্রের বিধায়ক অজয় চন্দ্রকর। তিনি যোগের গুরুত্ব ও উপকারিতা নিয়ে বক্তব্য রাখবেন এবং সমবেত যোগাভ্যাসেও অংশগ্রহণ করবেন। রাজ্য সরকারের সাধারণ প্রশাসন বিভাগ রাজ্যের বিভিন্ন জেলা সদর দফতরে আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠানের জন্য প্রধান অতিথিদের মনোনীত করেছে। সেই অনুযায়ী ধামতরি জেলার অনুষ্ঠানের জন্য অজয় চন্দ্রকরের নাম নির্ধারণ করা হয়েছে।জেলা শাসক অবিনাশ মিশ্রের তত্ত্বাবধানে অনুষ্ঠানের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জেলা আয়ুষ আধিকারিক ডা. কৃপারাম ঠাকুরকে নোডাল অফিসার এবং সমাজকল্যাণ বিভাগের উপ-পরিচালককে সহকারী নোডাল অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে।পাশাপাশি অনুষ্ঠানস্থলে বসার ব্যবস্থা, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা, পরিচ্ছন্নতা, যান চলাচল নিয়ন্ত্রণ, নিরাপত্তা, প্রচার-প্রচারণা ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থার জন্য বিভিন্ন সরকারি দফতরকে পৃথকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রশিক্ষিত যোগ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে বিভিন্ন যোগাসন, প্রাণায়াম ও ধ্যানের অনুশীলন করানো হবে। এ বছর আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে ‘সুস্থ আয়ুর জন্য যোগ’ ভাবনাকে সামনে রেখে। এর মাধ্যমে সুস্থ জীবনযাপন, মানসিক স্থিতি ও শারীরিক সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জনপ্রতিনিধি, সরকারি আধিকারিক ও কর্মী, পড়ুয়া, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষকে ব্যাপক সংখ্যায় অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। প্রশাসনের মতে, যোগ ভারতীয় সংস্কৃতির এক অমূল্য ঐতিহ্য, যা মানুষকে শারীরিক, মানসিক ও আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে সুস্থ ও সুখী জীবনযাপনের পথ দেখায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস