হিমাচলের ১৭টি সরকারি সিবিএসই স্কুলে চালু হচ্ছে মেডিক্যাল, নন-মেডিক্যাল ও কমার্স বিভাগ
শিমলা, ১৭ জুন (হি.স.) : হিমাচল প্রদেশের সিবিএসই-স্বীকৃত সরকারি স্কুলগুলির পড়ুয়াদের জন্য বড় স্বস্তির খবর। উচ্চমাধ্যমিকে পছন্দের বিষয় পড়ার জন্য আর অন্য স্কুলে ভর্তি হওয়া বা দূরে যাতায়াত করতে হবে না বহু ছাত্রছাত্রীকে। রাজ্য সরকার আগামী শিক্ষাবর্ষ থ
হিমাচলের ১৭টি সরকারি সিবিএসই স্কুলে চালু হচ্ছে মেডিক্যাল, নন-মেডিক্যাল ও কমার্স বিভাগ


শিমলা, ১৭ জুন (হি.স.) : হিমাচল প্রদেশের সিবিএসই-স্বীকৃত সরকারি স্কুলগুলির পড়ুয়াদের জন্য বড় স্বস্তির খবর। উচ্চমাধ্যমিকে পছন্দের বিষয় পড়ার জন্য আর অন্য স্কুলে ভর্তি হওয়া বা দূরে যাতায়াত করতে হবে না বহু ছাত্রছাত্রীকে। রাজ্য সরকার আগামী শিক্ষাবর্ষ থেকে ১৭টি সরকারি সিনিয়র সেকেন্ডারি স্কুলে মেডিক্যাল, নন-মেডিক্যাল এবং কমার্স বিভাগ চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার স্কুল শিক্ষা দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই নতুন এই বিভাগগুলি চালু হবে। মূলত গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে এবং পছন্দের বিষয় নিজের এলাকার স্কুলেই পড়ার সুযোগ করে দিতেই এই উদ্যোগ।

শিক্ষা দফতরের দাবি, রাজ্যের বহু স্কুলে এখনও বিষয় নির্বাচনের সুযোগ সীমিত। ফলে ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল বা বাণিজ্য নিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক পড়ুয়াদের অন্যত্র যেতে হয়। নতুন সিদ্ধান্তের ফলে সেই সমস্যার অনেকটাই সমাধান হবে।

চাম্বা জেলার কিহার স্কুলে কমার্স ও মেডিক্যাল বিভাগ চালু হচ্ছে। হামিরপুর জেলার বরা স্কুলে মেডিক্যাল, বড়সর ও বাটরানে কমার্স এবং মেডিক্যাল, আর সোহারি স্কুলে তিনটি বিভাগ—কমার্স, মেডিক্যাল ও নন-মেডিক্যাল—একসঙ্গে চালু হবে।

এছাড়া কাংড়ার কুন্সল ও আপার লম্বা গ্রাম স্কুলে তিনটি বিভাগই শুরু হচ্ছে। সানলেটি স্কুলে চালু হবে কমার্স বিভাগ। মান্ডি জেলার কোলনি ধলওয়াঁয় শুরু হবে কমার্স ও মেডিক্যাল বিভাগ।

কিন্নৌরের নিচারে মেডিক্যাল ও নন-মেডিক্যাল, কুল্লুর সরাহনে কমার্স, মেডিক্যাল ও নন-মেডিক্যাল, শিমলার বালদেয়াঁয় কমার্স, সাঁজে মেডিক্যাল এবং ননখাড়িতে মেডিক্যাল ও নন-মেডিক্যাল বিভাগ চালু করা হবে। একইভাবে সিরমৌরের কাফোটা এবং উনা জেলার বাধেড়া স্কুলেও মেডিক্যাল ও নন-মেডিক্যাল বিভাগ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্য সরকারের মতে, এই উদ্যোগের ফলে গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীরা নিজেদের এলাকার স্কুলেই উন্নত শিক্ষার সুযোগ পাবে। পাশাপাশি ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল, বাণিজ্য এবং অন্যান্য পেশাভিত্তিক পাঠ্যক্রমের জন্যও তারা আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande