
দক্ষিণ ২৪ পরগনা, ১৭ জুন (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার পুলিশের অভিযানে উদ্ধার হল বেআইনি আগ্নেয়াস্ত্র ও গুলি। বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে জীবনতলা থানার অন্তর্গত শ্রীনগর, চামড়া পট্টি এলাকায় অভিযান চালায় পুলিশ।
অভিযানে গ্রেফতার করা হয় দুই যুবককে। ধৃতদের নাম মোঃ সাদ্দাম হোসেন সরদার (৩৪) এবং সামিনুর লস্কর (২১)। দুজনেই দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
ধৃতদের কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দুটি লোহার তৈরি ইম্প্রোভাইজড ওয়ান শাটার আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড ৮ এমএম কেএফ লাইভ কার্তুজ। এছাড়াও উদ্ধার হয়েছে তিনটি মোবাইল ফোন এবং দুটি রয়্যাল এনফিল্ড ক্লাসিক-৩৫০ মোটরবাইক।
পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র ও অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে জীবনতলা থানার পুলিশ। বেআইনি অস্ত্রের উৎস এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা