
আগরতলা, ১৭ জুন (হি.স.) : পশ্চিম ত্রিপুরা জেলার মান্দাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকায় যাতায়াতের অন্যতম প্রধান সড়কের একটি ব্রিজের সাইড ওয়াল প্রায় পাঁচ মাস আগে ভেঙে পড়লেও এখনও পর্যন্ত তা মেরামতের কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ওই ব্রিজ দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সংশ্লিষ্ট দফতর এবং জনপ্রতিনিধিদের উদাসীনতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার বহু মানুষের স্কুল, কলেজ, হাসপাতাল, বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতের জন্য এই ব্রিজটিই প্রধান যোগাযোগের মাধ্যম। কিন্তু দীর্ঘদিন ধরে ব্রিজের একাংশের সাইড ওয়াল ভেঙে পড়ে থাকায় যানবাহন ও পথচারীদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে বলে দাবি এলাকাবাসীর।
বাসিন্দাদের অভিযোগ, ব্রিজটির ক্ষতিগ্রস্ত অংশে কোনও ধরনের নিরাপত্তা ব্যবস্থা বা সতর্কীকরণ চিহ্নও লাগানো হয়নি। ফলে রাতে কিংবা খারাপ আবহাওয়ার সময় দুর্ঘটনার আশঙ্কা বহুগুণ বেড়ে যায়। শিশু, বয়স্ক এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরাও।
এলাকাবাসীর দাবি, বিষয়টি একাধিকবার স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের নজরে আনা হয়েছে। স্থানীয় বিধায়ক স্বপ্না দেববর্মা এবং এমডিসি জগদীশ দেববর্মার কাছেও সমস্যার কথা জানানো হলেও এখনও পর্যন্ত দৃশ্যমান কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এতে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ ক্রমশ বাড়ছে।
বুধবার সংবাদমাধ্যমের সামনে নিজেদের ক্ষোভ উগরে দিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘ পাঁচ মাস ধরে ভাঙা অবস্থায় পড়ে থাকা ব্রিজটি প্রশাসনের উদাসীনতারই প্রমাণ। যেকোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা ঘটার পর নয়, তার আগেই প্রশাসনের উচিত দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া।
তাঁদের দাবি, অবিলম্বে ব্রিজটির ভাঙা সাইড ওয়াল সংস্কার করে নিরাপদ যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে নিয়মিত পরিদর্শন ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও গ্রহণ করার আহ্বান জানান এলাকাবাসী। প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে বলেই এখন আশায় রয়েছেন বিশ্বরাম বেগ্রাম পাড়ার মানুষ।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ