
ধর্মনগর (ত্রিপুরা), ১৭ জুন (হি.স.) : উত্তর ত্রিপুরার ধর্মনগর থানারোড এলাকার দুর্গাবাড়ির সামনে বুধবার স্কুটি ও অ্যাম্বুলেন্সের মধ্যে মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হয়েছেন জনৈক প্রবীণ ব্যক্তি। আহতের নাম পার্থজিৎ ভট্টাচার্য (৬৮)। তাঁকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে পার্থজিৎ ভট্টাচার্য তাঁর স্কুটি (নম্বর টিআর-০৫এ-৬৯৯৫) নিয়ে ধর্মনগর শহরের দিকে যাচ্ছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স (নম্বর টিআর-০১এল-১০৮২)-এর সঙ্গে তাঁর স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাত এতটাই প্রবল ছিল যে স্কুটিচালক রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর জখম হন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, চলন্ত অবস্থায় অ্যাম্বুলেন্সটির সামনের একটি চাকা হঠাৎ ফেটে যায়। এর ফলে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি বিপরীত লেনে চলে গিয়ে স্কুটির সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয় মানুষজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন।
খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত পার্থজিৎ ভট্টাচার্যকে উদ্ধার করে দ্রুত ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাঁর চিকিৎসা শুরু করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতের শারীরিক অবস্থার ওপর নিবিড় নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত যানবাহন দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে প্রাথমিকভাবে অ্যাম্বুলেন্সের চাকা ফেটে যাওয়াকেই দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
এদিকে, দিনের বেলায় ব্যস্ত সড়কে ঘটে যাওয়া এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা সড়ক নিরাপত্তা এবং যানবাহনের নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর আরও গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ