ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর বহরে যুক্ত হল প্রথম স্বদেশি এয়ার কুশন ভেহিকল
নয়াদিল্লি, ১৮ জুন (হি.স.): উপকূল নিরাপত্তা আরও জোরদার করা এবং ''আত্মনির্ভর ভারত''-এর লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর (ইন্ডিয়ান কোস্ট গার্ড) বহরে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হল দেশের প্রথম স্বদেশে নকশা ও
ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর বহরে যুক্ত হল প্রথম স্বদেশি এয়ার কুশন ভেহিকল


নয়াদিল্লি, ১৮ জুন (হি.স.): উপকূল নিরাপত্তা আরও জোরদার করা এবং 'আত্মনির্ভর ভারত'-এর লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর (ইন্ডিয়ান কোস্ট গার্ড) বহরে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হল দেশের প্রথম স্বদেশে নকশা ও নির্মিত এয়ার কুশন ভেহিকল (এসি ভি)। প্রতিরক্ষা ক্ষেত্রে দেশীয় প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পথে এই সংযোজনকে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কমান্ড্যান্ট অমিত উনিয়াল জানান, গোয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে উপকূলরক্ষী বাহিনীর শীর্ষ আধিকারিক এবং জাহাজ নির্মাণ শিল্পের প্রতিনিধিদের উপস্থিতিতে নতুন এয়ার কুশন ভেহিকলটি বহরে অন্তর্ভুক্ত করা হয়। তিনি বলেন, স্বদেশি প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্ল্যাটফর্মে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে বিভিন্ন অংশীদারের ধারাবাহিক প্রচেষ্টারই সফল প্রতিফলন এই উদ্যোগ।

তিনি আরও জানান, সম্পূর্ণভাবে ভারতে নকশা করা ও নির্মিত এই এয়ার কুশন ভেহিকল দেশের সামুদ্রিক শিল্পভিত্তির ক্রমবর্ধমান সক্ষমতার প্রমাণ। প্রকল্পটি দেশীয় উদ্ভাবনকে উৎসাহিত করার পাশাপাশি জাহাজ নির্মাণ শিল্পের দক্ষতা বাড়াতে এবং শক্তিশালী স্বনির্ভর প্রতিরক্ষা পরিকাঠামো গড়ে তুলতে সরকারের অঙ্গীকারকে আরও এগিয়ে নিয়ে যাবে।

উপকূলরক্ষী বাহিনীর মতে, নতুন এয়ার কুশন ভেহিকলটি সামুদ্রিক নজরদারি, অনুসন্ধান ও উদ্ধার অভিযান এবং উপকূলীয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একইসঙ্গে সমুদ্রপথে উদ্ভূত নতুন ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীর সক্ষমতাও আরও বৃদ্ধি পাবে।

কমান্ড্যান্ট উনিয়াল বলেন, এই প্রকল্প ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, প্রতিরক্ষা মন্ত্রক এবং দেশের প্রতিরক্ষা শিল্পের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়েরও প্রতিফলন। জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নত স্বদেশি প্রযুক্তিনির্ভর সমাধান তৈরির ক্ষেত্রে এই সহযোগিতা ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এ ধরনের উদ্যোগ দেশের প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পাশাপাশি সামুদ্রিক ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্য বাস্তবায়নে বড় ভূমিকা নেবে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর বহরে প্রথম স্বদেশি এয়ার কুশন ভেহিকলের অন্তর্ভুক্তি আধুনিক, সক্ষম এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার পথে ভারতের আরেকটি গুরুত্বপূর্ণ সাফল্য।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande