
মুম্বই, ১৮ জুন ( হি.স.): বলিউড অভিনেত্রী জিনাত আমান সম্প্রতি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন । একটি অনুষ্ঠানে কথোপকথনের সময় জিনাত তাঁর নামকরণ প্রসঙ্গে মুখ খুললেন। তিনি জানান, তাঁর মা তাঁর নাম রেখেছিলেন 'ললিতেশ্বরী', অন্যদিকে বাবার দেওয়া নাম ছিল জিনাত আমান।
জিনাত আরও জানান, বিভিন্ন সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের মেলবন্ধনের মধ্য দিয়ে তিনি বড় হয়েছেন। তাঁর মা হিন্দু এবং বাবা মুসলিম ছিলেন। তিনি নিজে পড়াশোনা করেছেন একটি ক্যাথলিক স্কুলে এবং তাঁর সৎ বাবা ছিলেন একজন জার্মান। এই কারণেই তিনি নিজেকে কোনো একটি নির্দিষ্ট ধর্মের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখেননি। অভিনেত্রীর বিশ্বাস, সব ধর্মই আদতে মানবতা, প্রেম এবং শান্তির বার্তা দেয় এবং এই মূল্যবোধগুলোই তাঁর জীবনের মূল ভিত্তি।
১৯৭০ ও ৮০-র দশকে ধর্মেন্দ্র, শশী কাপুর এবং ঋষি কাপুরের মতো একাধিক কিংবদন্তি তারকাদের সঙ্গে কাজ করে হিন্দি চলচ্চিত্র জগতে এক অনন্য পরিচিতি তৈরি করেছেন এই অভিনেত্রী।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক